নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিকাঠামোয় ঘাটতি থাকলে কলেজগুলিকে তা সংশোধনের সুযোগ দিতে হবে। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধীন শতাধিক কলেজে ডি এল এড এবং বি এড কোর্সে চলতি শিক্ষাবর্ষে (২০২৬-২৮) ভরতি বন্ধ সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। যদিও ভরতির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার আদালতের নির্দেশ, যতদিন অনুমোদন সংক্রান্ত সমস্যা রয়েছে, ততদিন ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভরতির আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। তবে ১৫ দিনের মধ্যে কলেজগুলির বক্তব্য শুনে বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে হবে।
২০৫টি কলেজের প্রয়োজনীয় পরিকাঠামোসহ অন্যান্য সমস্যার কারণে চলতি শিক্ষাবর্ষে অনুমোদন পুনর্নবীকরণ করেনি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাবর্ষে পড়ুয়া ভরতির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি কলেজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কলেজগুলির আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাসের বক্তব্য, ‘গত ৪ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ২০৫টি কলেজে ভরতি বন্ধের সিদ্ধান্ত জানানো হলেও নির্দিষ্ট ত্রুটির কথা জানানো হয়নি। নির্ধারিত সময়ে শোকজের জবাব দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো সদুত্তর মেলেনি বলেও অভিযোগ।’ যদিও আদালত প্রশ্ন তুলেছে, ‘সুযোগ না দিয়ে ভরতি বন্ধের সিদ্ধান্তে অনড় থাকা যায় কি?’ আদালতে রাজ্য জানিয়েছে, রাজ্যের বি এড, ডি এল এড কলেজগুলির যথাযথ পরিকাঠামো না-থাকা সত্ত্বেও রমরমিয়ে ব্যবসা চলছে। টাকার বিনিময়ে ছাত্র ভরতি নিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তাঁর নির্দেশে জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত যে সিদ্ধান্ত নিয়েছে, তা বহাল থাকবে। আইনজীবী অমিতাব্রত রায়ের সঙ্গে আলোচনা করে কিছু কলেজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।



