Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভর্তির প্রক্রিয়া শুরু হল ডেবরার শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে

ভর্তির প্রক্রিয়া শুরু হল ডেবরার শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজদীপ গোস্বামী, ডেবরা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গিয়েছে। বিভিন্ন কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ডেবরা ব্লকের শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়েও ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ থেকে ২২মে পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে। মেধা তালিকার মাধ্যমে অনলাইনেই ভর্তি সম্পন্ন হবে। জেলার প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও এই কলেজে ভর্তির সুযোগ পাবেন। 

Advertisement

জানা গিয়েছে, গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের(ডব্লুবিসিএপি) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই পোর্টালে রাজ্যের সকল বিশ্ববিদ্যালয় ও তার অধীনে থাকা কলেজগুলি(অটোনমাস কলেজ বাদে) অন্তর্ভুক্ত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে অটোনমাস কলেজগুলির মধ্যে অন্যতম ডেবরা ব্লকের শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। ইউজিসি দ্বারা অটোনমাস স্বীকৃতিপ্রাপ্ত ও পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে নিজস্ব পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পেরেছে। অর্থাৎ অনলাইনে ছাত্রছাত্রীরা পছন্দের বিষয় বেছে এই কলেজে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।
শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপা দাশগুপ্ত বলেন, কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন করছেন পড়ুয়ারা। গত কয়েক বছরে কলেজের পরিকাঠামোগত উন্নতি হয়েছে। এই কলেজ থেকে পাস করে বহু ছাত্রছাত্রী নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এই কলেজের উপরেই নির্ভরশীল। ২০০৫ সালে এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এক বছরের মাথায় অর্থাৎ ২০০৬ সালে পঠন-পাঠন শুরু হয়। এই মহাবিদ্যালয় তৈরির জন্য শিক্ষানুরাগীদের লড়াই আজও চিরস্মরণীয়। 
জানা গিয়েছে, এই মহাবিদ্যালয়ে ১৩টি বিজ্ঞান বিভাগ ছাড়াও ৯টি কলা বিভাগের বিভিন্ন বিষয়ে চার বছরের অনার্স ও তিন বছরের ব্যাচেলার কোর্স পড়ানো হয়। এছাড়া কলেজে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রামও রয়েছে। মহাবিদ্যালয়ে এআইসিটিই স্বীকৃত বিসিএ ও ব্যাচেলর অব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি(বিএমএলটি) কোর্স পড়ানো হয়। 
অন্যদিকে, অটোমোবাইল বিভাগে তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে। যা ছাত্রছাত্রীদের সরাসরি সার্ভিস ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার সুযোগ করে দেয়। এই বছর  ডেবরা কলেজে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে(বিপিইএস) অনার্স ও ব্যাচেলর কোর্স চালু হয়েছে। এর সঙ্গে চালু হয়েছে জুলজি ও ফিজিওলজি বিষয়ে অনার্স ও ব্যাচেলার কোর্স।
এই মহাবিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক বছরে এখানে ভর্তির চাহিদা উল্লেখযোগভাবে বেড়েছে। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, আশপাশের  জেলা থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসছেন। ডেবরা ব্লকের এই কলেজ এনএসডিসির ট্রেনিং সেন্টার হিসেবে স্বীকৃত। ফলে নিয়মিত পড়াশোনার সঙ্গে ছাত্রছাত্রীরা কোনও অতিরিক্ত ফি ছাড়াই এনএসডিসির অধীনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারছেন।
ডেবরার বাসিন্দা সুদেব মাইতি বলেন, এই কলেজের পরিকাঠামো খুব ভালো। কলেজের ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজে পড়াশোনার মানও খুব ভালো। এই কলেজ থেকে পাস করে অনেকেই বড় প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ