উৎসব মিটলেই সাঁইথিয়ায় জবরদখল বিরোধী অভিযানে  নামবে প্রশাসন
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: উৎসবের মরশুম কাটলেই যানজট ও জবরদখল মুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সাঁইথিয়া শহরে শুরু হতে চলেছে দখলমুক্ত অভিযান। সদর শহর সিউড়িতেও যানজট এড়াতে মেন রোড সম্প্রসারণের কাজ শুরু হবে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই কাজের প্রয়োজনীয় মাপজোক ও রূপরেখা প্রস্তুত করা হয়েছে। তার জন্যও জবরদখলমুক্ত অভিযানে নামা কথা রয়েছে প্রশাসনের।

Advertisement

সাঁইথিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ফুটপাত ও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে গিয়েছে। সেইসঙ্গে রয়েছে টোটোর দাপট। রাস্তায় চলাচলে পথচারীরা চরম সমস্যায় পড়ছেন। তার উপর রেলব্রিজ ভেঙে ফেলার পর শহরে যানজট আরও তীব্র হয়েছে। একাধিক রাস্তায় ব্যস্ত সময়ে যাতায়াত কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উৎসবের রেশ কাটলেই কড়া হাতে মাঠে নামবে প্রশাসন। পুরসভার নজরে রয়েছে ফিশ মার্কেট সংলগ্ন একটি ভাঙড়ির গোডাউন, যা সরকারি জায়গা দখল করে পাঁচিল তুলেছে। এছাড়া সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক অবৈধ ক্লাব, যেগুলি বর্তমানে নেশার ঠেকে পরিণত হয়েছে, সেগুলিও ভেঙে ফেলা হবে। যে সমস্ত ব্যবসায়ী রাস্তার উপর পসরা সাজিয়ে বসেছেন, তাঁদেরও সতর্ক করে ফুটপাত ফাঁকা করা হবে। পুরসভার এক কর্তার কথায়, ‘উৎসবের মরশুম কাটলেই সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযানে নামা হবে। প্রথম দফায় কোথায় অভিযান চালানো হবে, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।’
যানজটে নিত্যদিন নাকাল হচ্ছেন সিউড়ির বাসিন্দারাও। শহরের লাইফলাইন হিসাবে পরিচিত মেন রোড। তিলপাড়া জাতীয় সড়ক থেকে শুরু করে এসপি মোড়, বাসস্ট্যান্ড ও রবীন্দ্রপল্লি হয়ে ফের জাতীয় সড়ক পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্তমানে গড়ে মাত্র সাত মিটার চওড়া। রাস্তার দু’ধারে যথেচ্ছ জবরদখল ও অস্থায়ী দোকানের জেরে গাড়ি চলাচলের পরিসর মারাত্মকভাবে কমে গিয়েছে। স্থানীয়দের আক্ষেপ, আগের জমানায় একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও কিছুদিন পর তা ফের পুরনো চেহারায় ফিরে যায়। তবে এবার যানজটের সমস্যা চিরতরে মেটাতে প্রশাসন তৎপর। ক্রমবর্ধমান গাড়ির চাপ সামলাতে এই মেন রোডটিকে অন্তত ১০ মিটার চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পথচারীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাস্তার দু’ধারে পেভার ব্লক দিয়ে সুদৃশ্য ফুটপাতও তৈরি করা হবে। শহরের সৌন্দর্যায়ন ও রাস্তা সম্প্রসারণের স্বার্থে রাস্তার ধারের জবরদখল করা বহু দোকানপাট ভাঙা পড়তে পারে বলে সূত্রের খবর। মাপজোকের কাজ ইতিমধ্যেই সারা। পুজো মিটলেই এই জোড়া পদক্ষেপে শহরের ভোল বদলাবে বলে আশাবাদী প্রশাসন। তবে, ফুটপাত দখলমুক্ত করা হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে কি না, সে ব্যাপারে প্রশাসন কিছু স্পষ্ট করেনি।