সংবাদদাতা, রামপুরহাট: হাসপাতালে যাওয়ার পথে প্রসূতির অ্যাম্বুলেন্স আটকে ডাকাতির ঘটনার প্রেক্ষিতে তৎপর হল রামপুরহাট প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে তারা। সেই সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে চাকাইপুর থেকে ছোড়া গ্রাম যাওয়ার রাস্তার ধারে নির্মিত ‘ওয়াচ রুম’ পুলিসকে হস্তান্তর করতে চেয়ে আবেদন জানাল। পুলিস জানিয়েছে, দ্রুত ওই ওয়াচ রুমে পুলিস ও সিভিক ভলান্টিয়ার রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলা হবে।
শনিবার গভীর রাতে রামপুরহাটের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের কুসুমদই গ্রামের বাসিন্দা পায়েল মালের প্রসব যন্ত্রণা ওঠে। তাঁকে একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে চকমণ্ডলা গ্রামে ব্লক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। চাকাইপুর থেকে ছোড়া যাওয়ার নির্জন রাস্তার বাঁকের কাছে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে ছয় সদস্যর ডাকাত দল। ঘটনায় ওই পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রায়ই এমন ঘটনা ঘটায় এলাকার বাসিন্দা থেকে স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধিরা ওই রাস্তায় পুলিসি টহলদারির দাবি করেন। যদিও রবিবার রাতে ওই রাস্তায় বেশ কয়েকবার টহল দেয় পুলিসের গাড়ি। এদিকে ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত অধরা ডাকাত দল। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদের উপর নজরদারি বাড়ানো হয়েছে।
যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে ওই রাস্তার বাঁকে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে, তাই পঞ্চায়েতের পক্ষ থেকে বছর তিনেক আগে একটি ‘ওয়াচ রুম’ করা হয়, যাতে ঝড় হোক বা বৃষ্টি রাতের দিকে সেই রুমে পুলিস বা সিভিক ভলান্টিয়ার থাকতে পারেন। যদিও নির্মাণের পর থেকে একদিনের জন্যও সেখানে পুলিস বা সিভিক ভলান্টিয়ারকে দেখা যায়নি বলে এলাকার মানুষের দাবি। বর্তমানে রুমটি বন্ধ অবস্থায় রয়েছে। সামনে স্তূপাকার হয়ে বালি মজুত করে রাখা হয়েছে। এবার পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার ওই বাঁক সহ পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ওয়াচ রুমটি পুলিসকে হস্তান্তর করতে চেয়ে আবেদন জানানো হল।
পঞ্চায়েত প্রধান তোতা শেখ বলেন, বিশেষ করে রাতের দিকে এলাকার নিরাপত্তার স্বার্থে ওয়াচ রুমটি পুলিসকে হস্তান্তর করতে চেয়ে আবেদন করেছি। আইসিকে ফোন করেও তা জানানো হয়েছে। তাতে আইসি সম্মতি দিয়েছেন।
অন্যদিকে এলাকার বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পান্থ দাস বলেন, রবিবার রাত থেকেই ওই রাস্তায় ঘনঘন পুলিসের গাড়ি টহল দিয়েছে। যদিও রাতের দিকে ওই পথে যাওয়া আসা করতে মানুষ ভয় পাচ্ছেন। তবে ওয়াচ রুমে রাতের দিকে সিভিক ভলান্টিয়ার থাকলেও এলাকার নিরাপত্তা অনেকটা বাড়বে। পুলিসকে সেটাই বলা হয়েছে।
পুলিস জানিয়েছে, ওয়াচ রুমে যাতে পুলিস বা সিভিক ভলান্টিয়ার রাখা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে।