সংবাদদাতা, রামপুরহাট: পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পর বেপরোয়া যানবাহনে রাশ টানতে বিশেষ টিম গড়ল প্রশাসন। বিডিও, পুলিস ও পরিবহণ দপ্তরের আধিকারিকদের নিয়ে তৈরি সেই টিম পাথর শিল্পাঞ্চলের রাস্তায় বেপরোয়া যান চলাচল, অবৈধ পার্কিং ও ওভারলোডিং রুখতে কাজ করবে। রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করলেই কেস করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।
গত মঙ্গলবার সকালে মুরারইয়ের রাজগ্রামের সন্তোষপুর গ্রামে পাথর বোঝাই লরি চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর। গুরুতর জখম হন তার বাবা। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে সন্তোষপুর। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধের পাশাপাশি সরকারি রাজস্ব আদায় ও পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের টোল আদায়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বন্ধ হয়ে যায় পাথর শিল্পাঞ্চল। জনতার দাবি ছিল, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, গ্রামের বেহাল রাস্তার সংস্কার করতে হবে। যতদিন তা না হচ্ছে, ততদিন ধুলো ও দূষণ রোধে দু’ বেলা রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ওভারলোডেড পাথর বোঝাই লরি, ডাম্পার চলাচল বন্ধ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে। ওইদিন দাবিগুলি নিয়ে আলোচনায় বসার পুলিসি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে বিএলএলআরও এবং পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
এদিন বিডিও অফিসে রামপুরহাট এসডিও, এসডিপিও, পিডব্লুডির আধিকারিক, স্থানীয় পুলিস প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজন, পাথর ব্যবসায়ী, শ্রমিক, লরি, ডাম্পার অ্যাসোসিয়েশন ও মৃত শিশুর পরিবারকে নিয়ে বৈঠক হয়। সেখানে বাসিন্দাদের দাবি নিয়েই মূলত আলোচনা হয়েছে। বিডিও বীরেন্দর অধিকারী বলেন, বৈঠকে মালিকপক্ষের তরফে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়। সেই সঙ্গে ইনসিওরেন্স ক্লেম করা হবে। প্রশাসন দায়িত্ব নিয়েছে অবৈধ পার্কিং এবং ওভারলোড বন্ধ করতে। মালিকপক্ষ দু’ বেলা রাস্তায় জল ছিটনোর দায়িত্ব নিয়েছে। রাস্তা সংস্কারের বিষয়টি দেখবে পিডব্লুডি।
মহকুমা শাসক সৌরভ পান্ডে বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ওভারলোডিং, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিডিও, ওসি ও পরিবহণ দপ্তরের আধিকারিককে নিয়ে এনফোর্সমেন্ট টিম গড়ে দেওয়া হয়েছে। তারা যৌথ নজরদারি চালাবে। নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদক আসগর আলি বলেন, প্রশাসন যে দায়িত্ব দিয়েছে তা আমরা পালন করব। আজ শুক্রবার থেকে আগের মতোই সমস্ত খাদান ও ক্র্যাশার চলতে শুরু করবে।