Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় দোল নিয়ে সতর্ক প্রশাসন, বিভিন্ন স্থানে সাদা পোশাকের পুলিস মোতায়েন

জেলায় দোল নিয়ে সতর্ক প্রশাসন, বিভিন্ন স্থানে সাদা পোশাকের পুলিস মোতায়েন
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, শুক্রবার দোল। শনিবার হোলি উৎসবে মেতে উঠবে সাবেক নবাবি মুলুক। বৃস্পতিবার দুপুর থেকেই বিভিন্ন স্কুল ও কলেজে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় শুক্রবার জুম্মার নামাজ পড়বে বহু মানুষ। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সচেতনতা অবলম্বন করছে জেলা পুলিস। প্রতিটি থানা এলাকায় বাড়তি পুলিস মোতায়ন করা হয়েছে। উপদ্রুত এলাকায় বাড়তি নজর রেখেছে পুলিস গোয়েন্দারাও।

Advertisement

জেলার পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, দোল ও হোলি উপলক্ষ্যে অতিরিক্ত পুলিস ফোর্স পথে নামছে। আমরা সমস্ত ব্যবস্থা করেছি। গত বছর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও যাতে না ঘটে সেই জন্য আমরা প্রস্তুত রয়েছি। রাস্তায় বেপরোয়াভাবে বাইক ও গাড়ি না চালানোর জন্য সকলকে অনুরোধ করব। সচেতনভাবে সতর্কতার সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠার বার্তা রইল। 
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার বলেন, সব ধর্মকে সম্মান জানিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমরা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যকে যেন ধরে রাখতে পারি। সম্প্রীতি বজায় রেখেই আমরা সব উৎসব পালন করি। রঙের উৎসবে হিন্দু ধর্মের মানুষ মেতে উঠবে। পাশাপাশি মুসলিম ধর্মের পবিত্র রমজান মাস চলছে। শুক্রবার জুম্মার নামাজ রয়েছে। তাই সকলে যাতে শান্তিপূর্ণভাবে দোল উৎসবে মেতে ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মুসলিম ভাইয়েরা যাতে শান্তিপূর্ণভাবে নামাজে অংশ নিতে পারে, সেটাও আমাদের দেখতে হবে। গোটা জেলাতেই পুলিস ও প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। আমারও তাদের সঙ্গে সহযোগিতা করে দোল ও হোলি উৎসব পালন করব। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে সকলে যে যার উৎসব পালন করুক, এটাই আমরা চাই। এই বাংলা সম্প্রীতির বাংলা। কোনও ঘটনার জন্য যাতে সম্প্রীতি নষ্ট হয়, তা আমাদের সকলকে দেখতে হবে। 
বহরমপুরের বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, দোল উৎসব এবং হোলি আমাদের ঐতিহ্য। পরম্পরা বজায় রেখে আমরা এই উৎসবে মেতে উঠব। কোনও বিভেদকামী শক্তি যাতে এই সময় সক্রিয় হয়ে উৎসবে বাধা না সৃষ্টি করে, সেই দিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষকে সচেতন থাকতে বলব।

Advertisement
সম্পর্কিত সংবাদ