কালীপুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে প্রশাসনের কড়া নজরদারি, আজ ১০২টি প্রতিমা নিরঞ্জন
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে তৎপর প্রশাসন। নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে একদিকে যেমন নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে, তেমনই প্রস্তুতি চূড়ান্ত করেছে শহরের ক্লাব ও বারোয়ারিগুলিও। আজ মঙ্গলবার কৃষ্ণনগরে প্রায় ১০২টি লাইসেন্সপ্রাপ্ত কালীপুজোর প্রতিমা বিসর্জন হবে। তার মধ্যে ৪৬টি বারোয়ারির প্রতিমা নিরঞ্জন হবে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সাং প্রথায়। বাকি ৫৬টি প্রতিমা লরিতে করে নিরঞ্জন করা হবে। বিসর্জনকে ঘিরে শহরে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষভাবে সতর্ক প্রশাসন। প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল পাঁচটা থেকে লরিতে করে প্রতিমা নিরঞ্জন শুরু হবে। রাত আটটা থেকে শুরু হবে সাং প্রথার বিসর্জন। বিসর্জনের শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এ বছর প্রায় ১৮০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে জোনভিত্তিকভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, বিসর্জনের জন্য নির্ধারিত রুট অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে। নিয়ম অমান্য করলে প্রশাসনিক বাধার মুখে পড়তে হতে পারে পুজো উদ্যোক্তাদের। বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ক্লাব ও বারোয়ারির প্রতিনিধিদের সতর্ক এবং সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। শোভাযাত্রায় ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলি নিয়ে বিশেষ নজরদারি চালানো হবে। উৎসবের আবহে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

Advertisement

এদিকে, বিসর্জনের প্রস্তুতিতে পিছিয়ে নেই ক্লাব ও বারোয়ারিগুলিও। প্রশাসনের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে বিসর্জন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। সাং প্রথায় প্রতিমা নিরঞ্জনের জন্য বাঁশ আগেই প্রস্তুত করা হয়েছে। প্রতিমা কাঁধে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত বেহারাও প্রস্তুত রয়েছেন। পাশাপাশি, এক একটি বারোয়ারিতে প্রায় ১৫ থেকে ২০টি ঢাকের ব্যবস্থা করা হয়েছে। কিছু ক্লাবের ক্ষেত্রে ঢাকের সংখ্যা আরও বেশি।  সুকান্তপল্লি ক্লাবের সদস্য চিরঞ্জিত সরকার বলেন, আমরা দুপুর ১টা নাগাদ বাজনা সহযোগে মঙ্গল ঘট বিসর্জন করবো। রাতে আমাদের মা কাঁধে যাবে। প্রায় ৮০ জন বেহারা থাকছে এবং সেইসঙ্গে থাকবে প্রায় ২০টি ঢাক।  কৃষ্ণনগরের ঐতিহ্য সাং প্রথা বজায় রেখেই আমরা শোভাযাত্রা করব। কৃষ্ণনগরের বিসর্জন মানেই ঢাকের বাদ্যি ঐতিহ্যবাহী সাং প্রথায় প্রতিমা নিরঞ্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই চেনা আবহে আজ শহরজুড়ে কালীপুজোর শেষ পর্বে নামবে জনজোয়ার। তবে ঐতিহ্য ও উৎসবের আনন্দের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বিসর্জন সম্পন্ন করাই এখন প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ।