চিনি-তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রুখতে রামপুরহাটে যৌথ হানা প্রশাসনের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: খাদ্যসামগ্রীর বেপরোয়া মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। শুক্রবার রামপুরহাট শহরের ডাকবাংলো মোড় ও মহাজনপট্টি সহ একাধিক এলাকার বড় পাইকারি আড়ত এবং গুদামে আচমকা যৌথ অভিযান চালাল প্রশাসন। কৃষি বিপণন দপ্তর, বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি, ডিআইবি এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস নস্করের নেতৃত্বে এই ‘সারপ্রাইজ ভিজিট’-এ উঠে এসেছে অসাধু মজুতদারি ও মাত্রাতিরিক্ত মুনাফাবাজির চাঞ্চল্যকর চিত্র।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসেও রামপুরহাটের পাইকারি চিনি ব্যবসায়ী ও আড়তদারদের গুদামে মহকুমা শাসক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। সেই সময় খোলা বাজারে চিনির দাম কেজি প্রতি ৭০ টাকায় পৌঁছেছিল। প্রশাসনিক অভিযানের পর এক ধাক্কায় কেজি প্রতি চিনির দাম ১০ টাকা কমে স্বস্তি ফিরেছিল। কিন্তু অভিযোগ, নজরদারি শিথিল হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির পাইকারি ও খুচরো ব্যবসায়ী।
এদিনের অভিযানে ডাকবাংলো পাড়ার একটি পাইকারি বিক্রেতার গুদামে ঢুকে আধিকারিকদের চোখ কপালে ওঠার জোগাড়। গোডাউনে থরে থরে সাজানো শত শত বস্তা চিনি এবং শ’য়ে শ’য়ে সরষের তেলের টিন। অথচ ওই মজুত পণ্যের বৈধ স্টক রেজিস্টার বা কেনাবেচার কোনো নথি দেখাতে পারেনি সংশ্লিষ্ট ব্যবসায়ী। আধিকারিকরা গুদামে মজুত মালের হিসাব নথিভুক্ত করার পাশাপাশি ছবি তুলে রাখেন এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। অন্যদিকে, মহাজনপট্টি সহ শহরের আরও কয়েকটি পাইকারি দোকানে হানা দিয়ে বেশ কিছু অনিয়মিত কেনাবেচার নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 
বাজার দর খতিয়ে দেখে আধিকারিকরা জানতে পারেন, বর্তমানে খুচরো বাজারে চিনি কেজি প্রতি ৬৫ থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। যা ৬০ টাকা হওয়া উচিত। পাশাপাশি, লিটার প্রতি ২০০ টাকার আশপাশে থাকার কথা থাকলেও সরষের তেল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়।
অভিযানে অংশ নেওয়া এক প্রশাসনিক আধিকারিক জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীরা সাধারণত কেজি প্রতি ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা পর্যন্ত লাভ রাখেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, কেজিতে ৭ থেকে ১০ টাকারও বেশি মার্জিন রাখা হচ্ছে। খুচরো স্তরেও একই হারে বাড়তি মুনাফা লুটছেন ব্যবসায়ীরা। ওই আধিকারিকের আরও দাবি, চলতি মাসে উত্তরপ্রদেশ, বিহার ও বীরভূমের বিভিন্ন জায়গা থেকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি চিনি কিনে গুদামজাত করা হয়েছিল। অথচ সেই অনুপাতে বিক্রি দেখানো হয়নি। অর্থাৎ, ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রেখে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে চড়া দামে মাল ছাড়া হচ্ছিল। 
ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস নস্কর জানান, বাজারদর এবং মজুতদারি (হোর্ডিং) খতিয়ে দেখা হচ্ছে। পাইকারি বিক্রেতারা কেনা দামের চেয়ে বহুগুণ বেশি মার্জিনে চিনি ও তেল সরবরাহ করছেন। স্টক রেজিস্টারের হিসাবের সঙ্গে বাস্তব বিক্রির কোনো মিল পাওয়া যাচ্ছে না। কেউ কেউ কেনাবেচার নথিও দেখাতে পারেননি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং অত্যাবশ্যকীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।