সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর ও ধুলিয়ানে গড়ে উঠতে চলেছে ফ্লাইওভার। সোমবার রঘুনাথগঞ্জের উমরপুরে ১২নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফ্লাইওভারে জন্য জমি চিহ্নিতকরণের কাজ করেন এনএইচ কর্তৃপক্ষ, ভূমি ও ফ্লাইওভারের বরাত পাওয়া কোম্পানির আধিকারিকগণ। এছাড়াও ছিলেন জঙ্গিপুরের ডিএসপি সুকান্ত হাজরা। ফ্লাইওভারের জন্য নির্দিষ্ট জমিতে কাজ করতে যাতে সমস্যা না হয় তারজন্য জমির ডিমার্কেশন করা হয়। এই ফ্লাইওভার দু’টি গড়ে উঠলে এলাকাবাসীর যাতায়াতের পথ আরও সুগম হবে। বিশেষত জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ শহরের নিত্যদিনের যানজট সমস্যা অনেকটাই মিটে যাবে বলে অনেকের অভিমত। ধুলিয়ান শহরে রেলগেট পড়ার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফ্লাইওভার হলে সেই সমস্যা মিটবে বলে এলাকাবাসীর অভিমত।
এনএইচএআই এর সাইট ইঞ্জিনিয়ার কুমার বিকাশ নাগ বলেন, জমি দখলকারীদের আগেই নোটিস করা হয়েছিল। জমি চিহ্নিত করণের কাজ চলছে। এই জমির মধ্যে যাদের নির্মাণ রয়েছে তাদের ভেঙে দেওয়ার জন্য বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কটি রঘুনাথগঞ্জ ফুলতলা হয়ে গিয়ে উমরপুর ১২ নম্বর জাতীয় সড়কে সংযুক্ত করেছে। রঘুনাথগঞ্জ শহর থেকে প্রায় চার কিমি দূরে উত্তর দক্ষিণ বরাবর জাতীয় সড়ক চলে গিয়েছে। নিত্যপ্রয়োজনে শহরের আশপাশ থেকে প্রচুর মানুষ রঘুনাথগঞ্জ শহরে আসেন। একইভাবে রাজ্য সড়ক হয়ে শহরের মধ্য দিয়ে বহু পণ্যবাহী যানবাহন জাতীয় সড়কে ওঠে।
অপরদিকে, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে বহু যানবাহন চলাচল করে থাকে। ফলে লালগোলা, সাগরদিঘি ও উমরপুরের যানবাহনের চাপ শহরে যানজটের সৃষ্টি করে। যানজটে আটকে পড়ে নাকাল হতে হয় শহরবাসীকে। জঙ্গিপুরের ফ্লাইওভারটি উমরপুর ট্রাফিক মোড় থেকে বহরমপুর ও ফরাক্কার রুট বরাবর হবে।
অপরদিকে, ধুলিয়ান শহরে কয়েক কিমির মধ্যে তিনটি রেলের লকগেট রয়েছে। মিনিট পাঁচেকের জন্য লকগেট বন্ধ হলেও বহু যানবাহন। আটকে পড়ে। যানজটে আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রী সহ অফিসযাত্রীদের। দুই শহরে ফ্লাইওভার হলে যানজট সমস্যা মিটে যাবে বলে এলাকাবাসীর অভিমত।
রঘুনাথগঞ্জ শহরের মধ্যে দিয়ে চলা ভারী ও পণ্যবাহী যানবাহনগুলি ফ্লাইওভার দিয়ে জাতীয় সড়কে উঠতে পারবে। ফলে লালগোলার সঙ্গে জঙ্গিপুরে যান চলাচলের পথ আরও সুগম হবে। পাশাপাশি ধুলিয়ানবাসীকেও ঘনঘন রেল গেটে আটকে পড়ার হাত থেকে রেহাই মিলবে। রঘুনাথগঞ্জে বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা পিয়াসা দাস বলেন, শহরে চলাচল করা একপ্রকার দায় হয়েছে। ফ্লাইওভার না হলে আগামী দিনে চলা যাবে না। এটা শহরবাসীর জন্য খুশির খবর।