সংবাদদাতা, কাঁথি: রবিবার ১জুন থেকে দীঘার উপকূলে যেখানে সেখানে গোরুর বিচরণ নিষিদ্ধ করল প্রশাসন। এদিন থেকেই দীঘা সহ তাজপুর, শঙ্করপুর পর্যটনকেন্দ্রে অবাধে গোরু চরে বেড়ানোর উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি নজরদারি শুরু হয়েছে। পর্যটনকেন্দ্র এলাকায় গোরু চরতে দেখলে আটক করে তার মালিককে জরিমানা করা হবে।
দীঘা, শঙ্করপুর, তাজপুর সহ আশপাশের গ্রামের গৃহস্থরা গোরু বাইরে ছেড়ে দেন। ওই সমস্ত গোরু পর্যটনকেন্দ্র এলাকায় ঘোরাঘুরি করে। কিছু বেওয়ারিশ গোরু সবসময় যেখানে-সেখানে ঘুরে বেড়ায়। গোরু বাজারের সব্জি নষ্ট করে। পর্যটনকেন্দ্রে সৌন্দর্যায়নের জন্য লাগানো গাছপালা খেয়ে নেয়। যেখানে সেখানে গোবর পড়ে থাকে। গোরুর পাল ঘুরে বেড়ানোয় যান চলাচলও ব্যাহত হয়। এর আগে একাধিকবার রাতে রাস্তায় গোরু শুয়ে থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে।
তাই কয়েকদিন আগে রামনগর-১ ব্লক প্রশাসন বৈঠক করে ১জুন থেকে সৈকতে গোরু চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। সেইসঙ্গে আটক করা গোরু একটি জায়গায় রেখে ওই প্রাণীদের জন্য ঘাস সহ অন্য খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। রামনগর-১ বিডিও পূজা দেবনাথ বলেন, অবাধে গোরু বিচরণ করায় পর্যটনশিল্পে সমস্যা দেখা দিচ্ছিল। গোরুর বিচরণ বন্ধ হওয়ায় এলাকা পরিচ্ছন্ন থাকবে।