পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এসএমএস করে আহ্বান প্রশাসনের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: শুধু সরকারি ঘোষণা নয়। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হল রাজ্য সরকার। পুরুলিয়া জেলা প্রশাসন জেলায় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের মোবাইলে এসএমএস করে নিজের জেলা অথবা রাজ্যে ফিরে এসে কাজ করার আহ্বান জানালেন। পুরুলিয়া জেলাতেই প্রথম পরিযায়ী শ্রমিকদের এভাবে ঘরে ফিরে আসার জন্য আহ্বান জানানো হল। 

Advertisement

জেলা প্রশাসনের দাবি, রাজ্যে প্রথম জেলা হিসাবে  মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পরিযায়ী শ্রমিকদের জেলায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। শ্রম দপ্তরে নথিভুক্ত প্রায় ৫০হাজার পরিযায়ী শ্রমিককে এসএমএস পাঠানোর পাশাপাশি যোগাযোগ করা হচ্ছে। আরও জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের বার্তা ‘কাজের সন্ধানে আর ভিনরাজ্যে নয়, ফিরে আসুন। নিজের গ্রামে থাকুন। পরিবারের পাশে থাকুন।’ ভিবি জিরামজি প্রকল্পে তাঁরা প্রতি অর্থ বর্ষে সর্বাধিক ১২৫ দিনের কাজ পাবেন। সরকার নির্ধারিত মজুরিও পাবেন। তার পাশাপাশি যোগ্যতা ভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারেন। নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে কাজের চাহিদা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের। 
প্রসঙ্গত, পুরুলিয়া জেলাতে বছরের পর বছর ধরে কয়েক হাজার মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বিভিন্ন রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। কিন্তু, আজ পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি। রাজ্যে পালা বদলের পর এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নথিভূক্ত প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি অভিনব বলে মত জেলা প্রশাসনের আধিকারিকদের। তবে তাতে কতজন পরিযায়ী শ্রমিক ফিরে আসবেন, তা জানতে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
ভিন রাজ্যে কাজে থাকা শ্রমিক নকুল মাহাত বলেন, সরকার তো ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু, ঘরে ফিরে কাজের নিশ্চয়তা পাওয়া যায় না। এবার নতুন সরকার যদি কাজের নিশ্চয়তা দেয় তাহলে ভালই হবে। পরিবারের সঙ্গে ঘরে সকলেই থাকতে চায়।