Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আধার কার্ডের নম্বর একই হওয়ায় সমস্যায় সিউড়ির দুই ভাই

আধার কার্ডের নম্বর একই হওয়ায় সমস্যায় সিউড়ির দুই ভাই
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার সিউড়িতে দুই ভাইয়ের আধার কার্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, দুই ভাইয়ের পৃথক কার্ড থাকলেও আধার নম্বর একই। অভিযোগ, তাঁরা একাধিকবার আধার কার্ডের নম্বর সংশোধনের জন্য বিভিন্ন সেন্টারে গেলেও কোনও লাভ হয়নি। ফলে নানা সমস্যার পড়তে হচ্ছে সিউড়ি-১ ব্লকের তিলপাড়া পঞ্চায়েতের দুর্গোপুরের বাসিন্দা ওই দুই ভাইকে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলেছে। যদিও বিজেপি পাল্টা কটাক্ষ করেছে। এদিন সিউড়ি-১ ব্লকে বুথ সভাপতির নেতৃত্বে ভুয়ো ভোটার যাচাইয়ের কাজ চলছিল। সে সময় মাহারা পরিবারের সদস্যদের নথি যাচাই করতে গিয়ে তাঁদের নজরে পড়ে, দুই ভাইয়ের আধার কার্ডে সমস্ত তথ্যই সঠিক। কিন্তু আধার নম্বর এক। একই নম্বরের দু’টি আধার কার্ডের হদিশ মেলায় শাসক শিবির কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তোলে। আধার নম্বর এক হওয়ায় দিনমজুর দুই ভাই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রেশন পাওয়া থেকে শুরু করে তাঁরা একাধিক সমস্যায় জর্জরিত। টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানো হলে হেডকোয়ার্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, আধার কার্ড ঠিক করে দেওয়ার বন্দোবস্ত করা হোক।  জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, আধার কার্ডেও যে দুর্নীতি হয়েছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপির জেলা সহ সভাপতি দীপক দাস বলেন, একাধিক জায়গায় প্রচুর ভুয়ো আধার কার্ড আছে। এতদিন আমরাই বলছিলাম। এবার তারাই খুঁজে বের করল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ