বাড়ি বাড়ি পুলিশ পাঠানোর অভিযোগ, সিইওকে চিঠি দিলেন অধীর চৌধুরী
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের নামে বাড়ি বাড়ি পুলিশ ও সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে ভোটারদের নথিপত্র চাওয়ার অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই বেআইনি ও অনুমোদনহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক নীলম মিনাকে চিঠি দিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

Advertisement

অধীর চৌধুরী উল্লেখ করছেন যে, একাধিক জেলায় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা বাড়ি গিয়ে ভোটারদের নানা তথ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন এবং নথি চাইছেন। জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর বিভিন্ন ধারার কথা তুলে অধীরবাবুর দাবি, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশন এবং নির্ধারিত আধিকারিকদের। পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের নিজস্বভাবে ভোটার যাচাই করার আইনি ক্ষমতা নেই। কোনো নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়াই একাজ চলছে এবং কোন আইনে বা কী উদ্দেশ্যে নথি চাওয়া হচ্ছে তাও নাগরিকদের জানানো হচ্ছে না বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। অধীরবাবুর আরও প্রশ্ন যে, কোন আইনে এবং কার নির্দেশে একাজ চলছে। তাঁর কথায়, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের, পুলিশের নয়। সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির অধিকার কারও নেই।