Bartaman Logo
৯ জুন, ২০২৬

২০ মার্চ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জুড়ছে বাড়তি জোড়া এসি কোচ

Additional pair of AC coaches to be added to Kanchanakanya Express on March 20

২০ মার্চ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জুড়ছে বাড়তি জোড়া এসি কোচ
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল পথে উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগে অন্যতম সেরা ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আগামী সপ্তাহ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের নয়া মাধ্যম যুক্ত হতে চলেছে জনপ্রিয় এই দুরপাল্লার ট্রেনে। ২০ মার্চ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত দু’টি কোচ। ২০ মার্চ বৃহস্পতিবার শিয়ালদহ থেকে যাত্রা করা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (১৩১৪৯) সঙ্গে একটি ২এসি এবং একটি ৩এসি ইকনমি কোচ জুড়ে যাবে। পরদিন অর্থাৎ ২১ মার্চ শুক্রবার আলিপুরদুয়ার থেকে বহরে বাড়া এই ট্রেন (১৩১৫০) যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে। উল্লেখ্য, বর্তমানে ১৯টি কোচ নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে চলাচল করে এই ট্রেনটি। ২০ মার্চ থেকেই তা বেড়ে ২১টি কোচ বিশিষ্ট ট্রেনে রূপান্তনিত হতে চলেছে।

Advertisement

প্রসঙ্গত, পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে (জিএম) লিখিতভাবে কাঞ্চনকন্যার কোচ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন জলপাইগুড়ির এমপি জয়ন্ত রায়। তাঁর বক্তব্য ছিল, জনপ্রিয় এই ট্রেনের টিকিটের চাহিদা প্রবল। বিভিন্ন প্রয়োজনে সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য এই ট্রেনটি ব্যবহার করেন। কিন্তু টিকিটের হাহাকার দেখা যায় এই ট্রেনের জন্য। পাশাপাশি পর্যাপ্ত বাতানুকূল আসনের অভাব রয়েছে এই ট্রেনে। সেই সূত্রে বাড়তি আরও কয়েকটি কোচ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়েছিলেন জয়ন্তবাবু। তার প্রেক্ষিতে গত ১০ মার্চ পূর্ব রেলের জিএম চিঠি দিয়ে সেই আবেদজন গৃহীত হওয়ার সুখবর জানিয়েছেন। লিখিতভাবে তিনি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জনপ্রিয় এই ট্রেনের সঙ্গে বাড়তি জোড়া এসি কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০ মার্চ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের শীর্ষ রেল কর্তা।     

Advertisement
সম্পর্কিত সংবাদ