Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে বেহাল নিকাশি ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক

সিউড়ি শহরে বেহাল নিকাশি ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে নেই উপযুক্ত নিকাশি ব্যবস্থা। সেইসঙ্গে বেহাল অবস্থা কাঁদরেরও। অল্প বৃষ্টিতেই শহরের সুভাষপল্লি, রবীন্দ্রপল্লি, সাজানোপল্লি সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আবার নিকাশি ব্যবস্থা না থাকায় বেশকিছু এলাকায় রাস্তার উপর দিয়েই বৃষ্টির জল বয়ে চলে। এই পরিস্থিতিতে শহরকে জমা জলের কষ্ট থেকে মুক্তি দিতে আসরে নামল জেলা প্রশাসন। 

Advertisement

শনিবার সকালে অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) বিশ্বজিৎ মোদক ও মহকুমা শাসক সুপ্রতীক সিনহা কাউন্সিলারদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। মূলত কাঁদরের অবস্থা তাঁরা খতিয়ে দেখেন। সেইসঙ্গে নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্থানীয় কাউন্সিলারদের সচেতন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দাদের নিয়ে প্রতি মাসে বৈঠক করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। শহরের নিকাশি ব্যবস্থার উন্নতিকরণে কী করণীয়, তা খতিয়ে দেখেন। অতিরিক্ত জেলাশাসক বলেন, সিউড়ি শহরে জনবসতি বাড়ছে। জেলা প্রশাসন ও পুরসভাকে একসঙ্গে মিলে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। শহরের বিভিন্ন প্রান্তে নিকাশি ব্যবস্থা নেই। কোথাও ড্রেন থাকলেও তা দখল হয়ে গিয়েছে। কাঁদর প্রসঙ্গে তাঁর সংযোজন, কোথাও দখলের ঘটনা ঘটলে নোটিস দেওয়া হবে। সেইসঙ্গে নিকাশি দখল রুখতে কাউন্সিলারদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।
সিউড়ি শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভের শেষ নেই। যদিও সিউড়ি পুরসভার দাবি, ড্রেন দখল করে ফুটপাতে দোকান গজিয়ে ওঠায় পরিষ্কারের কাজে সমস্যা হচ্ছে। তারজেরে ফি বছর বর্ষার মরশুমে জল জমার সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে কী করণীয়, তা খতিয়ে দেখতে ইতিপূর্বে অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) ও মহকুমা শাসক শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেসময় বলা হয়েছিল, ড্রেনের উপর থাকা দোকানগুলি সরিয়ে দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। যদিও ওই ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদের পক্ষে নয় প্রশাসন। তাঁদের জন্য যথোপযুক্ত স্থান চিহ্নিত করার ক্ষেত্রেও প্রশাসন চিন্তা-ভাবনা করছে। এদিনও সেই কথা স্পষ্ট করা হয়েছে। ড্রেন দখল করে থাকায় শহরের নিকাশি ব্যবস্থা যে বেহাল, তা একপ্রকার মেনে নিচ্ছেন প্রশাসনিক কর্তারা। শহরের নিকাশি ব্যবস্থা উন্নত করতে একাধিক এলাকায় যে আরও ড্রেন তৈরির প্রয়োজন, তাও স্বীকার করেছেন তাঁরা। স্থানীয় কাউন্সিলারদের সঙ্গে নিয়ে ১, ২, ১৫, ১৬ ও ১৯নম্বর ওয়ার্ডের সংযোগস্থল এলাকায় থাকা কাঁদর পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক। প্রশাসনিক কর্তাদের দাবি, শহর ক্রমবর্ধমান। ইতিমধ্যে একাধিক ওয়ার্ড সংযোজন হয়েছে। নিয়মিত বহুতল, আবাসন গড়ে উঠছে। এই পরিস্থিতিতে শহরের নানাপ্রান্তে নিকাশি ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। যেখানে নতুন ড্রেন তৈরির ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেখানে পুরনো ড্রেনগুলির দেখভালে নজর দেওয়া প্রয়োজন। নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেনগুলির সাফাই প্রয়োজন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ