সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি ব্লকের কুসুমপুর পঞ্চায়েতে আদিবাসী অধ্যুষিত এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির আয়োজিত হল। সোমবার সেই কর্মসূচিতে এলাকার বিধায়ক ও অতিরিক্ত জেলাশাসক উপস্থিত ছিলেন। মাঠের মাঝে চাটাই পেতে বসে মানুষের অভাব-অভিযোগ শুনলেন তাঁরা।
সোমবার ওই পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত কুসুমপুর, বিনন্দপুর ও বড়িবাঁধকু বুথের মানুষকে নিয়ে এই শিবির আয়োজিত হয়। সেখানেই অতিরিক্ত জেলাশাসক(পঞ্চায়েত) মৌমিতা সাহা, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, বিডিও হিতাংশু হালদার সহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রথমে গ্রাম পরিদর্শন করেন। এরপর কুসুমপুরের ডাইনমারি ল্যাম্পস-এর মাঠে ‘আমাদের পাড়া’ শিবিরে যান। সেখানে চেয়ার-টেবিল ছিল না। চাটাই পেতে বসে মানুষের সমস্যা শোনা হয়। কোথাও নালা, কোথাও রাস্তা বা আলোর ব্যবস্থা করার দাবি ওঠে।
গ্রামের এক বাসিন্দা বলেন, জঙ্গল থেকে শালপাতা তুলে থালা বানানোর কাজ করি। সরকারের তরফে যন্ত্রের ব্যবস্থা করে দিলে আমাদের সুবিধা হতো। বিধায়ক বলেন, আদিবাসী মানুষের অনেকেই প্রশাসনের কাছে সমস্যা তুলে ধরতে অসুবিধায় পড়েন। তাই গ্রামে এসে তাঁদের সমস্যার কথা শোনা হল।
আশা করছি, তাড়াতাড়ি এসমস্ত সমস্যার সমাধান করা যাবে।
বিডিও বলেন, তিনটি আদিবাসী অধ্যুষিত পাড়া নিয়ে এই কর্মসূচি হয়েছে। শিবিরে সাধারণ মানুষ নিজেদের সমস্যা প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন। -নিজস্ব চিত্র