নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্প ও সড়ক পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে এডিডিএ। শিল্পকেন্দ্রীক জেলা পশ্চিম বর্ধমানে শিল্পতালুকগুলির রাস্তা, নিকাশি নালা ও রাস্তার পাশে আলো বসানোর উপর বাড়তি জোর দিচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থা। সংস্থার কর্তাদের দাবি, গত এক মাসে তাঁরা একশো কোটি টাকার বেশি কাজের সূচনা করেছেন। রবিবারও জামুড়িয়া ও রানিগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক প্রকল্পের সূচনা করা হয়। সেখানে একদিকে যেমন রয়েছে জামুড়িয়া শিল্পতালুকের রাস্তা, তেমনই রয়েছে রানিগঞ্জ বাইপাস রাস্তা সংস্কারের কাজ। এডিডিএর উন্নয়নকে হাতিয়ার করে সিপিএমকে আক্রমণ শানিয়েছেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। তিনি বলেন, ২০১১সালের আগে এখানে কোনও উন্নয়ন হয়নি। আমাদের সরকার আসার পর জামুড়িয়া নতুন করে সেজে উঠছে। এডিডিএ বিপুল অর্থ ব্যয় করে নানা উন্নয়নমূলক কাজ করছে। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত বলেন, ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে হলে শিল্পতালুকের রাস্তা, নিকাশি, আলোর ব্যবস্থা করতে হবে। সেই কাজে আমরা জোর দিয়েছি। দুর্গাপুরের বামুনাড়া শিল্পতালুকে একাধিক বড় কাজ আমরা করেছি। রানিগঞ্জ ও জামুড়িয়া শিল্পতালুকের জন্যও সেই কাজ করা হচ্ছে। ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করেন। আমরাও সেকথা ভেবে এমন পরিকাঠামো উন্নয়ন করছি যেটা আগামী ২৫ বছরের জন্য পর্যাপ্ত হবে। রবিবার সর্বপ্রথম কাজের শিলান্যাস অনুষ্ঠানটি হয় জামুড়িয়া থানার কাছে বোরিংডাঙায়। বোরিংডাঙা থেকে জামুড়িয়া স্টেশন পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরির কাজের সূচনা হয় এদিন। জামুড়িয়া শিল্পতালুকের জাদুডাঙা মোড় থেকে শেখপুর যাওয়ার রাস্তা সংস্কারের জন্য এডিডিএ ৪৮লক্ষ ২৪ হাজার টাকা বরাদ্দ করেছে। এটা শিল্পতালুকের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এদিন সেই কাজের সূচনা করেন এডিডিএ চেয়ারম্যান ও জামুড়িয়ার বিধায়ক। এদিন জামুড়িয়ার বীজপুর নেতাজি শিক্ষানিকেতনের সীমানা পাঁচিলের কাজের সূচনা করা হয়। সেখানেও ১৫ লক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়েছে।



