Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপরতা শুরু তেহট্ট মহকুমা হাসপাতালে

ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপরতা শুরু তেহট্ট মহকুমা হাসপাতালে
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তেহট্ট: গরমের শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে। এখনও পর্যন্ত তেহট্ট মহকুমায় সরকারিভাবে তিনজনের ডেঙ্গু ধরা পড়েছে। ডেঙ্গু যাতে কোনভাবেই ছড়াতে না পারে সে জন্য মরশুমের প্রথম থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর তেহট্ট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে রোগীদের নিত্য যাতায়াত সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকেই বিভিন্ন এলাকায় সচেতনতা শিবিরও শুরু হয়েছে। জানা গিয়েছে, এখন আবহাওয়া বদলের সময় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়। এখনও পর্যন্ত তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেজন্য ব্যবস্থা নিতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে তেহট্ট মহকুমার চারটি ব্লকে মোট ১৫৩ জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছিল। ২০২৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত গোটা মহকুমায় আপাতত তিনজন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে তেহট্ট-২ ব্লকে দু’জন এবং করিমপুর-১ ব্লকে একজন ডেঙ্গু আক্রান্ত। গতবছরের মতো যাতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত না হয় তারজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। তেহট্ট মহকুমার রোগীরা চিকিৎসার জন্য আসেন তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে সবরকম রোগীর আনাগোনা। সেই জায়গায় পরিষ্কার রাখা বেশি প্রয়োজন। জল নিকাশি ব্যবস্থার বেহাল দশা হাসপাতালে। বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় জল জমে থাকে বহু দিন ধরে। সেই জায়গাগুলি ঠিক করা হচ্ছে। যাতে কোনও জায়গায় জল না জমে। আবার যে সব জায়গায় জল জমা হয় সেখানে অনেক জায়গায় ঢাকা ছিল না। সেই জায়গাগুলো ঢাকার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন জায়গা ও কোয়ার্টারের পাশে থাকা জঙ্গল সাফ করা হচ্ছে। মঙ্গলবার সীমান্ত রক্ষী বাহিনী ও স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্লক ও পঞ্চায়েত স্তরেও  ডেঙ্গু মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে আগে যে সব জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল সেই সব জায়গাগুলির উপর এখন থেকেই নজর রাখা হচ্ছে। জ্বর হলেই তাদের হাসপাতালে নিয়ে এসে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তেহট্ট মহকুমা হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার রাখা হবে। পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলির ক্ষেত্রেও সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ