নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাই যাই করেও যাচ্ছে না শীত! মাঝেমধ্যেই ফিরে আসছে ঠান্ডার আমেজ। যেমন শনিবার। এদিন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে পারদ পতন হয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দিন পর এদিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে (১৪.২ ডিগ্রি) নেমে আসে, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল কল্যাণী (১০ ডিগ্রি)। এই সময় কল্যাণীর এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে সমতল এলাকার মধ্যে পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে কম ১০.২ ডিগ্রি রেকর্ড হয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার জন্য এই পারদ পতন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, রবিবারও শীতের এমন আমেজ বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। কলকতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা আছে। সোমবার তা সামান্য বেড়ে ১৫ ডিগ্রি হতে পারে। এরকম পরিস্থিতি থাকবে দিন দু’য়েক। তারপর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ভোর ও রাতের দিকে নমনীয় শীত থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও তা ১৬-১৭ ডিগ্রির আশপাশেই থাকবে বলে জানানো হয়েছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৬.২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম ছিল।



