নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিল স্বামী। মঙ্গলবার আলিপুরের সপ্তম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মণিকুন্তলা রায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অপরাধীর নাম শেখ আব্বাস ওরফে কালো। একইসঙ্গে বিচারক তাকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস হাজতবাসের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আইনি সহায়তা কেন্দ্রকে (লিগ্যাল এইড) পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে নির্যাতিতাকে দ্রুত ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন তিনি।
এদিন সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা দোষীর কড়া সাজার আর্জি জানান। যদিও আসামি আব্বাসের আইনজীবী বিচারকের কাছে কম সাজার পক্ষে সওয়াল করেন। আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার আইনজীবী আজম খান সংবাদিকদের বলেন, ‘শেষ পর্যন্ত অপরাধী সাজা পেয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে আরও বেশি সাজা হলে খুশি হতাম।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ২৪ জুন অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পুজালি থানার দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকায়। নির্যাতিতার ভাই পুলিসে অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার করা হয় গৃহবধূর স্বামীকে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি কৌঁসুলি শিবনাথ অধিকারীর দাবি, ‘মাত্র এক বছরের মধ্যে অ্যাসিড হামলার মামলায় অপরাধীর সাজা হওয়ার ঘটনা নজিরবিহীন। সম্ভবত রাজ্যে প্রথম।’