Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আচমকা অভিযানে অনিয়ম ধরলেন ডিএম, বুলবুলচণ্ডীতে মিল মালিক, সরকারি আধিকারিককে হুঁশিয়ারি

আচমকা অভিযানে অনিয়ম ধরলেন ডিএম, বুলবুলচণ্ডীতে মিল মালিক, সরকারি আধিকারিককে হুঁশিয়ারি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: কৃষকদের কাছ থেকে বেশি ধলতা নেওয়ার অভিযোগে জেলাশাসকের ধমক খেলেন মিল মালিক সহ সরকারি আধিকারিক। পরবর্তীতে এরকম অভিযোগ পেলে লাইসেন্স বাতিল ও সরকারি আধিকারিককে শোকজের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
Advertisement
শনিবার হবিবপুর ব্লকের আইহো, কানতুর্কা, তিলাসন সহ একাধিক এলাকায় সারপ্রাইজ ভিজিট করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও ছিলেন হবিপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, জয়েন্ট বিডিও রাকেশ গায়েন প্রমুখ। বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠন, মিড ডে মিলে খাবারের গুণমান সহ এলাকায় পিএইচই’র পানীয় জলের সমস্যা খতিয়ে দেখেন তিনি। 
বুলবুলচণ্ডীর কিষাণ মান্ডিতে ধান ক্রয়কেন্দ্রে গিয়ে কৃষকদের কাছে বেশি ধলতা নেওয়ার অভিযোগ শুনে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসক। তাঁকে দেখে হবিবপুরের কৃষক সমর বর্মন অভিযোগ করেন, ১৫ কুইন্টাল ধানে ২০ কেজির বেশি ধলতা নিয়েছে আমার কাছে। গত বছরেও একইভাবে ধলতা নেওয়া হয়েছিল কিষাণ মান্ডিতে।
যা শুনে অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসক। উপস্থিত সকলের সামনেই মিল মালিককে ধমক দিয়ে বলেন, সরকারিভাবে গুণগতমান গড় ধরে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা বলা হয়েছে। তা সত্ত্বে কেন বেশি ধলতা নেওয়া হচ্ছে? 
মিল মালিক জানান, গুণগতমান খারাপ থাকার জন্যই ধলতা নেওয়া হয়েছে। এরপর কৃষকদের কাছে ধলতা নেওয়া ধান ফিরিয়ে দিতে মিল মালিককে  নির্দেশ দেন জেলাশাসক। নীতিন বলেন, কৃষকদের কাছে ধলতা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে উপযুক্ত করা ব্যবস্থা নেওয়া হবে। 
এরপর কানতুর্কার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ক্লাস নিতে দেখা যায় জেলাশাসককে। শিশুরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কি না, দেখেন তিনি।  জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সরকারি সুযোগসুবিধা ঠিকভাবে পাচ্ছেন কি না দেখতে হঠাৎ পরিদর্শন করা হচ্ছে। দ্রুত খামতি পূরণ করার ব্যবস্থা করা হবে।
সম্পর্কিত সংবাদ