নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ বছর সংশোধনাগারে কাটিয়েছে। কিন্তু, সংশোধনের নমুনা ভয়াবহ। নাবালিকাকে যৌন নির্যাতন দোষী সাব্যস্ত হয়ে জেলে খেটে বেরিয়েই ফের একই কাণ্ড! জেল থেকে বের হয়ে বাড়ি আসার পরদিনই ফের কুকীর্তি! এক নাবালিকাকে শৌচালয়ের ভিতরে আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগে ওই ব্যক্তি ফের গারদে। রবিবার রাতে ঠাকুরপুকুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম রাজু ভাণ্ডারি। নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা।
ঠাকুরপুকুর থানা এলাকার মুকুন্দ দাস পল্লিতে ঘটনাটি ঘটে। ওই পাড়ায় একটি দোকান রয়েছে। সেখানেই শনিবার রাতে খেলাধুলো করছিল ৮ বছরের ওই নাবালিকা। স্থানীয়দের অভিযোগ, সেখানেই জেল থেকে সদ্য মুক্ত রাজু নাবালিকার মুখ চেপে ধরে। কিন্তু, স্থানীয়রা তা দেখে ফেলায় বালিকাকে ছেড়ে চলে যায় সে। পরেরদিন সকালে ওই নাবালিকার বাবা-মা কাজে বেরিয়ে যান। ফাঁকা বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সুযোগে মুকুন্দ দাস পল্লির ওই বাড়িতে ঢোকে অভিযুক্ত। পিছন থেকে আচমকাই নাবালিকার মুখ চেপে ধরে সে। কোলে তুলে ঘরের ভিতরের শৌচালয়ের নিয়ে যায়। ভিতর থেকেই শৌচালয়ের ছিটকিনি দিয়ে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু, সেই সময়েই শৌচালয়ের জানালা দিয়ে নাবালিকাকে দেখতে পান স্থানীয় এক তরুণী। তিনিই চেঁচিয়ে এলাকাবাসীদের জানান। এরপরেই গোটা বাড়িটি ঘিরে ফেলে স্থানীয়রা। ঘরে ঢুকে শৌচালয়ের দরজা ভেঙে তাঁরাই নাবালিকাকে উদ্ধার করেন। একইসঙ্গে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয় বলে জানিয়েছেন এক প্রতিবেশী।
এই ঘটনার খবর চাউর হতেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রাই অভিযুক্তকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, ‘এই ব্যক্তি পকসো মামলায় জেল খেটে বেরিয়েও শিক্ষা নেই। বাড়ি ফিরেই এলাকার মহিলাদের দিকে কুনজর দেয় এই ব্যক্তি। পাড়ার মহিলার নিরাপত্তার অভাবে ভুগছেন— এই দাবি তুলেছেন স্থানীয়রা। নাবালিকাকে শ্লীলতাহানির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই রাজুর আগের অপরাধের খতিয়ান যাচাই করে পুলিশ। সূত্রের খবর, বছর ১১ আগে স্থানীয় এক নাবালিকাকেই যৌন নির্যাতনের জেরে গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে পকসো আইন অনুযায়ী ১০ বছর জেল খেটেছে সে।
স্থানীয় এক মহিলা জানিয়েছেন, জেল থেকে ছাড়া পেয়ে এক দিন আগেই মুকুন্দ দাস পল্লির বাড়িতে এসেছিল সে। তার মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের কাছে আমাদের আবেদন, ধৃতের কঠিন সাজা হোক। যাতে সে আর কোনোদিন জেল থেকে না বের হতে পারে। কারণ এই ব্যক্তি বের হলে ফের ‘কুকীর্তি’ করবে।



