Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপ অবস্থায় নিত্য ঝগড়া-মারধর বাঁকড়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর

শুধু পরিবারের সদস্যদের নয়, মদ্যপ অবস্থায় প্রতিদিন প্রতিবেশীদেরও অকারণে মারধরের অভিযোগ উঠেছে হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা অতনু হেমব্রমের বিরুদ্ধে।

মদ্যপ অবস্থায় নিত্য ঝগড়া-মারধর বাঁকড়ায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু পরিবারের সদস্যদের নয়, মদ্যপ অবস্থায় প্রতিদিন প্রতিবেশীদেরও অকারণে মারধরের অভিযোগ উঠেছে হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা অতনু হেমব্রমের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেন ক্ষিপ্ত প্রতিবেশীরা। এরপর তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। অতনুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার দক্ষিণপল্লির বাসিন্দা অতনু হেমব্রম প্রায় রোজই অকারণে প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর বাড়ির সামনে কেউ দাঁড়ালে কিংবা বাইক রাখলে ইচ্ছাকৃতভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করতেন তিনি। এমনকী, গায়ে হাতও তুলতেন। স্থানীয়দের কথায়, মাসকয়েক আগে এলাকার এক বাসিন্দা অতনুর বাড়ির সামনে নিজের চারচাকার গাড়ি রেখেছিলেন। সেই ‘অপরাধে’ গাড়িটি ভাঙচুর করেছিলেন অতনু। গ্যাস সিলিন্ডার দিতে এসে ডেলিভারি ম্যান যদি ভুল করে ভ্যানটি তাঁর বাড়ির সামনে রাখেন, তাহলে তো কথাই নেই! একবার সেই ভ্যান উল্টে দিয়েছিলেন এই ব্যক্তি। গত কয়েকদিন ধরে তাঁর এই কীর্তিকলাপে অতিষ্ঠ প্রতিবেশীরা। বাসিন্দারা বৃহস্পতিবার রাতে চড়াও হয়ে ভাঙচুর করেন তাঁর বাড়ি। পরে বাঁকড়া ফাঁড়ির পুলিস এসে অতনুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্ত কেন্দ্রীয় সরকারের একটি সংস্থায় চাকরি করেন। বাবা-মাকেও রেয়াত করতেন না। তাঁদেরও মারধর করতেন তিনি। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান অতনু। তাঁর ভয়ে এখন মা, স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন বলে জানিয়েছেন বাসিন্দারা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ