নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেতা সেজে জুয়েলারির দোকানে এসে সোনার নেকলেস হাতানোর অভিযোগ উঠেছিল। গত ১৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি সোনার দোকানে। ওই ঘটনায় অভিযুক্ত শাহরুখ ফিরোজ খানকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ তারিখ বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই সোনার দোকানে বিকাল ৩টে নাগাদ ক্রেতা হিসাবে ঢোকে অভিযুক্ত। সে বিভিন্ন ধরনের সোনার নেকলেস দেখতে চায়। দোকানের কর্মী সেই মতো নেকলেস দেখাচ্ছিলেন। এই সময় আচমকা একটি নেকলেস নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায় সেই ক্রেতা! দোকানের অন্যরা কিছু বুঝে ওঠার আগেই অনেকটা দূরে চলে যায় সে। দোকানের সেলসম্যান তাকে ধাওয়া করেও ধরতে পারেননি। ভিড়ে মিশে যায় সে। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তাতে বলা হয়, দোকান থেকে দু’লক্ষ টাকা মূল্যের সোনার নেকলেস নিয়ে পালিয়েছে ক্রেতা সেজে আসা এক ব্যক্তি। পুলিশ চুরির কেস রুজু করে।
তদন্তে নেমে পুলিশ ওই দোকানের সিসিটিভি ফুটেজ নিতে গিয়ে জানতে পারে যে ক্যামেরা খারাপ। পাশের দোকানগুলির ক্যামেরাও ঠিক নেই। সেলসম্যানও অভিযুক্তের চেহারা সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি। ফলে বেশ সমস্যায় পড়তে হয় পুলিশকে। শেষ পর্যন্ত তদন্তকারীরা ট্রাফিকের ক্যামেরার ছবি নেন। সেখান থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। তারপর দোকানের সেলসম্যানের দেওয়া বয়ান মিলিয়ে দেখা হয়। সেখান থেকে তদন্তকারীরা একজনকে চিহ্নিত করেন। সোর্স কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্তের বাড়ি গার্ডেনরিচ এলাকায়। সেই মতো ওই এলাকায় গিয়ে তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায়, অভিযুক্তের নাম শাহরুখ। সে বিভিন্ন সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে গয়না হাতিয়ে থাকে। এরপরই তাকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হাতানো নেকলেসও উদ্ধার হয়েছে।