চাকরি দিতে মন্ত্রীর নাম করে এসএসসি কর্তাকে মেসেজ, ধৃত অভিযুক্ত
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রীর নাম করে স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কর্তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিয়োগের নির্দেশ।  দপ্তরের সচিবের অভিযোগের ভিত্তিতে থানা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম ভাড়িয়ে প্রতারণা, জালিয়াতির কেস রুজু করে। তদন্তে নেমে দেগঙ্গার বাসিন্দা জুলফিকার আলিকে শনিবার গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানা। এদিনই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এর পিছনে বড়ো চক্র রয়েছে বলে নিশ্চিত তদন্তকারীরা।

Advertisement

সিআইডি সূত্রে খবর, মন্ত্রীর নাম করে দপ্তরের কর্তা শনিবার মেসেজ পান। তাতে একাধিক প্রার্থীর নাম, রোল নম্বর দেওয়া ছিল। সেখানে মন্ত্রীর নাম করে উল্লেখ করা হয়, প্রার্থীদের হয়ে চাকরি দেওয়ার সুপারিশ করছেন আদিবাসী কল্যাণ মন্ত্রী। চাকরি দিতে বলা হয় বিভিন্ন পদে। যা দেখে সন্দেহ হয় ওই কর্তার। তিনি আদিবাসী দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এই ধরনের কোনো নির্দেশ মন্ত্রী দেননি। আর এসএসসি’র কোনো কর্তা কে মেসেজ করেননি। যে নম্বর থেকে মেসেজ এসেছে সেটি মন্ত্রীর নয়। এরপরই এসএসসি দপ্তরের সচিব বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন বলে শনিবার প্রেস ব্রিফ করে জানিয়েছেন ডিজি সিআইডি রমেশ বাবু। তার ভিত্তিতে জুলফিকারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তভার সিআইডি নিয়েছে বলে জানান ডিজি সিআইডি। 
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দেগঙ্গা থানায় জালিয়াতি ও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তাদের একটি চক্র আছে। যারা সরকারি চাকরি দেবে বলে বেকার যুবক যুবতীদের কাছে টাকা হাতাচ্ছে। কিন্তু মন্ত্রী ক্ষুদিরাম টুড়ুর নাম অভিযুক্ত কেন নিল সেটা তদন্ত করছেন আধিকারিকরা। এর সঙ্গে আর কারা জড়িত জানার চেষ্টা চলছে।