নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জানালা দিয়ে তরুণীর নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল! হোয়াটসঅ্যাপে সেই ভিডিও পাঠিয়ে যৌন সম্পর্ক তৈরির দাবি। তবে, সেই দাবিকে প্রত্যাখান করে নিউটাউন থানার দ্বারস্থ হয়েছিলেন তরুণী। অবশেষে ওই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সরোজকুমার মেহতা। নিউটাউনেই তার বাড়ি। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বয়স ২৪ বছর। বাড়ি উত্তরপ্রদেশে।
তিনি নিউটাউনে ভাড়ায় থাকেন। তাঁর অভিযোগ, তিনি যখন বাড়ির মধ্যে পোশাক বদল করছিলেন, সেই সময় অভিযুক্ত যুবক জানালার ফাঁক দিয়ে তাঁর ছবি ও ভিডিও তোলে। ক্যামেরা রেখেই ছবি তুলেছে বলে অভিযোগ। গত ২৭ থেকে ২৯ অক্টোবর ঘটনাটি ঘটে। এরপর ওই অভিযুক্ত যুবক তাঁর হোয়াটসঅ্যাপে সেই নগ্ন ভিডিও পাঠায়। কিছুক্ষণ পর আবার ভিডিও ডিলিট করে দেয়। তারপরই তরুণীকে যৌন সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেয়। কিন্তু, তরুণী তাতে রাজি হননি। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর নগ্ন নিয়ে ব্ল্যাকমেলিং শুরু হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি গত বুধবার নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপরই পুলিশ তদন্ত শুরু করে। ওইদিনই অভিযুক্ত সরোজকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করা হচ্ছে। তরুণীর বয়ানও লিপিবদ্ধ করা হচ্ছে।