নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: কালীপুজোর রাতে শব্দের দাপটে কার্যত রাত জাগতে হয়েছে। সকাল থেকেই সকলের স্মার্টফোনে চোখ। বাতাসের দূষণের সূচক বা একিউআই’তে নজর প্রত্যেকের। বেসরকারি নথি দেখিয়েছে, কলকাতায় একিউআই রবিবার রাত ১১টা নাগাদ ৬০০ ছাড়িয়ে গিয়েছিল। যদিও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েবসাইটে একিউআই দেখিয়েছে ১৫৪। সোমবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বুলেটিন জানিয়েছে, কলকাতা ও হাওড়ার একিউআই ছিল ১৫৩ ও ১৬১। দু’ক্ষেত্রেই তা ‘মডারেট’বা ‘মাঝারি’। তা দেখার পর পরিবশেকর্মীদের বক্তব্য, ‘এ হিসাব সঠিক নয়।’
কলকাতার অধিকাংশ বাসিন্দা বলছে, ধোঁয়া-দূষণের কারণে শহরের চারপাশ ছিল ঝাপসা। তারপরও একিউআই এত কম হয় কীভাবে? পরিবেশ কর্মী নব দত্ত বলেছেন, ‘রবিবার রাতে আমরা রাস্তায় দেখেছি চারপাশ ধোঁয়ায় ঝাপসা। তারপরও সরকারি ওয়েবসাইটে একিউআই কম। বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া, রবীন্দ্র সরোবর, বেলেঘাটা, যাদবপুর কাল্টিভিশান ও ফোর্ট উইলিয়াম এই ৭টি স্টেশন আছে। ওই এলাকাগুলিতে বাজি তেমনভাবে পোড়ে না। স্বাভাবিকভাবেই সেখানে একিউআই কম হয়। মজার বিষয়, লেকটাউন, কসবা এসব জায়গায় মেশিন বসানো নেই।’
কলকাতা শুধু নয়, শব্দবাজি নিয়ে হাওড়া সিটি পুলিশের বিভিন্ন থানায় ৬০টিরও বেশি অভিযোগ জানিয়ে ফোন আসে বলে খবর। অভিযোগ বেশি এসেছে রামরাজাতলা, চ্যাটার্জি হাট, বেলুড়, সালকিয়া ও লিলুয়া থেকে। চ্যাটার্জি হাটের নন্দলাল মুখার্জি রোডে শব্দবাজির আওয়াজে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রামরাজাতলার বকুলতলা লেনের বাসিন্দা অনন্ত ঘোষালের অভিযোগ, ‘গত কয়েকবছর কালীপুজোয় এত শব্দবাজির তাণ্ডব দেখা যায়নি। এবছর পুলিশ প্রশাসন কার্যত নিষ্ক্রিয় ছিল।’ যদিও হাওড়া সিটি পুলিশের দাবি, বেআইনি বাজি রুখতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কালীপুজোর রাতে শব্দবাজি-সহ বিভিন্ন ঘটনায় ১৩৮ জনকে গ্রেপ্তার এবং ২০০ কেজিরও বেশি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।



