সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে রেল ওভারব্রিজে ফের দুর্ঘটনা ঘটল। রবিবার দুপুরে ব্রিজের উপরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে চালক সহ বাসের ১০জন যাত্রী জখম হন। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওভারব্রিজে বারবার দুর্ঘটনা ঘটনায় যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হন। তাঁদের অভিযোগ, ব্রিজটি ইংরেজি ‘এস’ আকৃতির করা হয়েছে। তাতে ব্রিজের উপরে বাঁকের মুখে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিস জানিয়েছে, বাস ও ডাম্পারের সংঘর্ষে কয়েকজন জখম হয়েছেন। জাতীয় সড়কের উপর ব্রিজটি হওয়ায় যান নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে ১৪-১৫জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস কোতুলপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিকে বাঁকুড়ার দিক থেকে আসা একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল। ব্রিজের উপরে বাঁকে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের চালক মারাত্মক জখম হন। যাত্রীরা বাসের মধ্যেই ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজ চালান। পুলিস এসে জখমদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ব্রিজের উপরে বাঁকের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। ক’দিন আগে একই জায়গায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তারও আগে দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে যান নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ না নিলে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সংঘর্ষের জেরে গার্ডওয়াল ভেঙে ব্রিজ থেকে যানবাহন নীচে পড়ার আশঙ্কা রয়েছে।
দুর্ঘনাগ্রস্ত বাসের এক যাত্রী শ্যামল রুইদাস বলেন, আমি বিষ্ণুপুরে রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাসে চেপে ময়নাপুরে যাচ্ছিলাম। বাসে খুব কম যাত্রী ছিল। ব্রিজে ওঠার পর হঠাৎ জোরে আওয়াজ হতেই আমি সামনের দিকে ঝুঁকে পড়ি। তাতে আমার হাতে সামান্য চোট লেগেছে। তবে তিন চারজনের খুব বেশি আঘাত লেগেছে। আমি প্রাথমিক চিকিৎসা করিয়েছি।