Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ট্রেড সেন্টারের ছাদে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, মাথায় লোহার পাইপ পড়ে মৃত ২

মঙ্গলবারের ব্যস্ত দুপুর। হাওড়া পুরসভা সংলগ্ন মহাত্মা গান্ধী রোড, চার্চ রোডে তখন মঙ্গলাহাটের ঠাসা ভিড়।

হাওড়ায় ট্রেড সেন্টারের ছাদে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, মাথায় লোহার পাইপ পড়ে মৃত ২
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবারের ব্যস্ত দুপুর। হাওড়া পুরসভা সংলগ্ন মহাত্মা গান্ধী রোড, চার্চ রোডে তখন মঙ্গলাহাটের ঠাসা ভিড়। পুরসভার পাশেই বহুতল হাওড়া ট্রেড সেন্টারের উপরে চলছিল নির্মাণকাজ। নীচে ব্যবসায়ী ও মালবাহকরা মালপত্র নিয়ে যাওয়া-আসা করছিলেন। সেই সময় আচমকা উপর থেকে একটি ভারী লোহার পাইপ নীচে এসে পড়ে দু’জনের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম ইরফানুল হক (৩০) ও খোকন। কাপড়ের টুপি বিক্রেতা ইরফানুল কলকাতার কড়েয়ার বাসিন্দা। খোকন পেশায় মালবাহক, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। আকস্মিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে পথচলতি ভিড়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা দেহ দু’টি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।

Advertisement


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া ট্রেড সেন্টারের ১৩ তলার ছাদে বেশ কিছুদিন ধরেই নির্মাণকাজ চলছে। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ওই বহুতলের নীচে দাঁড়িয়েছিলেন ইরফানুল ও খোকন। মৃত ইরফানুলের ভাই শেখ ইসমাইল খানিকটা দূরে দাঁড়িয়ে থাকায় বরাতজোরে রক্ষা পেয়েছেন। দাদার মর্মান্তিক পরিণতির প্রত্যক্ষদর্শী তিনি। বলেন, ‘দাদা খোকনকে টাকা দিচ্ছিল। আচমকা বড়ো একটি লোহার পাইপ উপর থেকে তাঁদের মাথায় এসে পড়ে। চারদিকে রক্ত ছিটে একাকার হয়ে গেল।’ ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, ভেঙে পড়া প্রায় ১১ ফুট লম্বা লোহার পাইপটি রক্ত মাখা অবস্থায় পড়ে রয়েছে। চারদিকে চাপ চাপ রক্ত জমে রয়েছে। হাওড়া সিটি পুলিশ এলাকাটিকে গার্ড রেল দিয়ে ঘিরে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণকাজ। ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া। তিনি বলেন, ‘নির্মাণকাজ চলাকালীন কীভাবে পাইপটি নীচে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’রবিবার থেকে মঙ্গলবার— ট্রেড সেন্টারের বাইরে বঙ্কিম সেতুর নীচের রাস্তায় কয়েকশো খুচরো ব্যবসায়ী ও পথচারীর ভিড় থাকে। এদিন তাঁদের সামনেই ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেন, যেভাবে বিকট শব্দে লোহার পাইপটি এসে দু’জনের উপর পড়ল, সেই দৃশ্য বর্ণনা করা যায় না। ওই জায়গায় অন্তত জনা পনেরো লোক দাঁড়িয়েছিলেন। আরও প্রাণহানি হতে পারত। এই ঘটনার পর জনবহুল এলাকায় নির্মাণকাজের নিরাপত্তা ও নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ