Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা, আশঙ্কাজনক বাইকচালক

নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা, আশঙ্কাজনক বাইকচালক
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ জে সি বোস রোড ফ্লাইওভার থেকে পিটিএসের দিকে নামার সময় ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে গুরুতর জখম হলেন এক বাইকচালক। তাঁর নাম অর্ঘ্যদীপ রাম। হাজরা রোডের বাসিন্দা তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 

Advertisement

পুলিস সূত্রে খবর, মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাড়ি ফিরছিলেন অর্ঘ্যদীপ। মাথায় হেলমেট ছিল। কিন্তু ফ্লাইওভার থেকে নামার সময় তাঁর বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ভারসাম্য হারিয়ে সরাসরি গার্ডওয়ালে ধাক্কা মারে তাঁর বাইক। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন যুবক। পিছনে ততক্ষণে গাড়ির লম্বা লাইন লেগে গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর ট্রাফিক গার্ড ও হেস্টিংস থানার পুলিস। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। লালবাজার জানিয়েছে, দুর্ঘটনায় ওই বাইকচালকের হেলমেট খুলে যায়। তার জন্যই মাথায় জোরালো আঘাত লেগেছে তাঁর। 
অন্যদিকে, হেস্টিংস থানা এলাকার আওতাধীন বিদ্যাসাগর সেতুতে আরও একটি দুর্ঘটনা ঘটে। এদিন সকাল ৮টা নাগাদ সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এক বাইকচালক। বছর ছাব্বিশের ওই যুবকের নাম কেশবপ্রসাদ মিশ্র। হাওড়ার নন্দ ঘোষ রোডের বাসিন্দা ওই যুবকের অফিস যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। যুবকের মাথায় হেলমেট ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সেতুর উপর একটি বাসকে বাঁদিক দিয়ে ওভারটেকের চেষ্টা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারান বাইকচালক। পুলিসের দাবি, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। পিছনে কোনও গাড়ি না থাকায় তা হয়নি। ঘটনাস্থলে যায় বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিস। আহতকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বাইকচালকের কপালে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
  এছাড়া, সোমবার রাতে এক মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন দু’জন স্কুটার-আরোহী। গভীর রাতে পার্ক স্ট্রিটে দুর্ঘটনাটি ঘটে। পার্ক স্ট্রিট থানার পুলিস বেপরোয়া চালককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চন্দন কুমার। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। জানা গিয়েছে, রাতে একটি পানশালা থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন চন্দন। নেশাগ্রস্ত অবস্থায় ট্রাফিক বিধির তোয়াক্কা না করেই গাড়ি ছোটাচ্ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ