আমেদাবাদ: গুজরাটের আমেদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা। ট্রেন লাইনের উপর ভেঙে পড়ল ধাতুর পাত। যদিও তাতে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, বাতিল করা হয়েছে কমপক্ষে ২৫টি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে দুর্ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাত ১১ টা নাগাদ। ওই সময় আমেদাবাদের ভাটভায় বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল, ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নীচে পড়ে যায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। ফলে ভাটভা-আমেদাবাদ ডাউন-লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।
রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর রেলের তরফে ভাটভা-বোরিভালি এক্সপ্রেস, আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল এক্সপ্রেস, ভাদোদরা-ভাটভা ইন্টারসিটি, আমেদাবাদ-ভালসাদ গুজরাট কুইন, জামনগর-ভাদোদরা ইন্টারসিটি, ভাদনগর-ভালসাদ-ভাদনগর এক্সপ্রেস, ভাটভা-আনন্দ এক্সপ্রেস সহ প্রায় ২৫টি ট্রেন বাতিল করা হয়। যাত্রীদের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে রেলওয়ে।