নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধুমাত্র মুম্বই ও চেন্নাইয়ে চালু হয়েছিল এসি লোকাল ট্রেন। এবার পূর্ব ভারতে প্রথম চালু হতে চলেছে এসি লোকাল। পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার থেকে শিয়ালদহ-রানাঘাট রুটে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে পূর্ব রেলের নবতম এই পরিষেবা।
নন এসি লোকাল ট্রেনের তুলনায় শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের ভাড়া বেশি। বাড়তি সাত গুণ ভাড়া গুনতে হবে যাত্রীদের। কয়েক মাস আগে চেন্নাইয়ের ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরি থেকে দু’টি এসি রেক কলকাতায় এসেছিল। দীর্ঘ পরীক্ষার পর সেগুলি এবার যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। জানা গিয়েছে, সোমবার থেকে সকালবেলা অফিস টাইমে রানাঘাট থেকে এসি ট্রেন যাত্রী নিয়ে শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে। ফিরতি রুটে সন্ধ্যায় ১২ কোচের এই এসি গাড়ি রানাঘাট যাবে। রেলের তরফে জানানো হয়েছে, এই নয়া পরিষেবার জন্য সাধারণ নন এসি ট্রেনের সময়সূচি কোনওভাবেই বদল হবে না। দৈনিক চলাচল করা নন এসি ট্রেনগুলি নির্দিষ্ট সময় সারণি মেনেই যাত্রা করবে। নয়া পরিষেবা হিসেবে চলবে এসি গাড়ি।
রেলের এক আধিকারিক বলেন, ‘পূর্ব ভারতে এসি লোকাল এই প্রথম চালু হতে চলেছে। তার আগে শুধুমাত্র মুম্বই ও চেন্নাইতে এই ট্রেনের প্রচলন হয়েছিল।’ পশ্চিমবঙ্গে এই ট্রেন কতটা সফল হবে তা নিয়ে খানিক চিন্তায় ছিল রেলবোর্ড। তাই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিয়েছে। কারণ এখনও সবথেকে সস্তার গণ পরিবহণ হিসেবে স্বীকৃত ট্রেন।
এই রুটে শিয়ালদহ থেকে সোদপুর (১৬ কিলোমিটার) ট্রেনে মাত্র পাঁচ টাকায় যাতায়াত করতে পারেন যাত্রীরা। পূর্বরেলের কর্তারা এসি ট্রেনের ভাড়া কম করে ১০ গুণ বৃদ্ধির আশা করেছিলেন। কিন্তু আদপে তা বেড়েছে সাত গুণ। ন্যূনতম ভাড়া হয়েছে ৩৫ টাকা। মান্থলির ক্ষেত্রে এই দূরত্বের জন্য নন এসি ট্রেনে খরচ পড়ে ১০০ টাকা। এসি লোকালের ক্ষেত্রে তা বেড়ে হবে ৬২০ টাকা। পরবর্তী স্টেজে শিয়ালদহ থেকে হালিশহর ৪২ কিলোমিটার নন এসিতে যাওয়া যায় মাত্র ১০ টাকায়। সিজন টিকিটে খরচ পড়ে ১৮৫ টাকা। সম দূরত্বে যাতায়াত করতে এসি ট্রেনের সিঙ্গল যাত্রা ও মান্থলির খরচ হবে যথাক্রমে ৬০ টাকা ও ১ হাজার ২৭৫ টাকা। শিয়ালদহ থেকে ৬৮ কিলোমিটার দূরে পায়রাডাঙা পর্যন্ত ভাড়া নন এসিতে ১৫ টাকা। মান্থলির খরচ ২৭০ টাকা। সম দূরত্বের ক্ষেত্রে এসি লোকালের ভাড়া হবে ৯০ টাকা ও ১ হাজার ৮১০ টাকা। শেষ ধাপ অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট ৭৪ কিলোমিটার পথ যেতে নন এসিতে খরচ পড়ে মাত্র ২০ টাকা। মান্থলি টিকিটের দাম ৩৫৫ টাকা। এসি ট্রেনের ক্ষেত্রে রানাঘাট সিঙ্গল ও সিজন টিকিটের খরচ হবে ১২০ টাকা ও ২ হাজার ৪৩০ টাকা। উন্নত প্রযুক্তির এই এসি লোকাল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম।
জানা গিয়েছে, সিসি ক্যামেরায় মোড়া থাকবে ট্রেনের ভিতরের অংশ। জিপিএস বেসড এলইডি ডিসপ্লে বোর্ড থাকবে যাত্রীদের বিভিন্ন ধরনের তথ্য জোগাতে।