Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল কলকাতায়

দেশের দ্বিতীয় তথা পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে কলকাতায়। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল কলকাতায়
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের দ্বিতীয় তথা পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে কলকাতায়। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে। সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি চলতি সপ্তাহে শহরে ঢুকে যাবে। আসন্ন চরম দাবদাহের সময়ে ট্রেন যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে এই এসি লোকাল। তবে তার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে। সূত্রে দাবি, বর্তমানে জারি থাকা ন্যূনতম ভাড়ার ৭ থেকে ১০ গুণ বেশি ভাড়া হতে পারে এই এসি লোকালের। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ ট্রেনে যে দূরত্ব যেতে যাত্রীরা ৫ টাকার টিকিট কাটেন, এসি ট্রেনে চাপলে তা বেড়ে ৩৫ থেকে ৫০ টাকা হতে পারে। তবে কোন রুটে এই এসি লোকাল চলবে, তা এখনও স্থির হয়নি। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, এসি লোকাল চালানোর বিষয়টি পরিকল্পনায় রয়েছে। রেল বোর্ড ও হেড কোয়ার্টারের চূড়ান্ত অনুমোদনের পরই তা স্থির হবে।

Advertisement

প্রসঙ্গত, মহানগরীর পাতাল পথে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল। ২০২১ সালের ২৪ অক্টোবর থেকে কলকাতা মেট্রোয় নন-এসি যুগের অবসান ঘটেছে। বর্তমানে শহরের চালু পাঁচটি মেট্রো রুটে ১০০ শতাংশ এসি পরিষেবা পান যাত্রীরা। ২০১০ সালের ৭ অক্টোবর থেকে নর্থ-সাউথ মেট্রো রুটে প্রথম এসি মেট্রো চালু হয়েছিল। তার প্রায় ১৫ বছর পর লোকাল ট্রেন লাইনে এসি পরিষেবার অন্তর্ভূক্তি ঘটতে চলেছে। দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলকভাবে তা চালু হতে চলেছে। যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে, আগামীতে লোকাল ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পরিধি বাড়ানো হবে বলে রেল সূত্রের দাবি। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তর্গত কবি সুভাষ কিংবা খোদ শিয়ালদহ স্টেশনে নেমে মেট্রো পরিষেবা নেন হাজার হাজার যাত্রী। সেক্ষেত্রে গরমকালে মেট্রোর স্বস্তিদায়ক সফরের স্বাদ এবার লোকাল ট্রেনে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল।
জানা গিয়েছে, স্টিল বডির যাত্রীবান্ধব এসি ট্রেনে সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। সাধারণ ট্রেনের মতো কোচগুলি পৃথক হবে না। মেট্রোর মতো ভেস্টিবিউলের মাধ্যমে কোচগুলি সংযুক্ত থাকবে। যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক বসার আসন। পাশে থাকবে অ্যালুমিনিয়ামের রেক। যাত্রীদের ব্যাগপত্তর তাতে সহজেই রাখা যাবে। মেট্রোর মতোই স্ল্যাইডিং ডোর থাকবে। নির্দিষ্ট স্টেশনগুলিতে সুনির্দিষ্ট সময়ের জন্য তা খুলে যাবে। যাত্রী তুলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সাধারণ ট্রেনের বাইরে নির্দিষ্ট রুটে এসি লোকালের জন্য নতুন সময়সূচি তৈরি হবে। অর্থাৎ বর্তমানে ট্রেনের সময়সরণীতে বিঘ্ন না ঘটিয়ে, এসি পরিষেবা চালু হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ