Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার বনগাঁ, পুজোয় আরও এসি লোকাল

পুজোর মুখে শিয়ালদহ ডিভিশনের আরও দুই রুটে চালু হচ্ছে এসি লোকাল। গত ১১ আগস্ট পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ-রানাঘাট রুটে।

এবার বনগাঁ, পুজোয় আরও এসি লোকাল
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে শিয়ালদহ ডিভিশনের আরও দুই রুটে চালু হচ্ছে এসি লোকাল। গত ১১ আগস্ট পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ-রানাঘাট রুটে। আগামী সপ্তাহ থেকে শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি রুটেও মিলবে এসি লোকালের পরিষেবা। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া ধার্য হয়েছে যথাক্রমে ১২০ টাকা এবং ১৪০ টাকা। কয়েক গুন বেশি ভাড়া দিয়ে ঠান্ডি ট্রেনে চাপতে যাত্রীরা কতটা উৎসাহ দেখাবেন, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু যাবতীয় আশঙ্কা ভুল প্রমাণ করেছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। ১২ কামরার এসি লোকালে বসে যেতে পারেন ২ হাজার ২৩২ জন যাত্রী। সেখান রানাঘাট-শিয়ালদহ রুটে সর্বোচ্চ ৩ হাজার ৬২৬ জন যাত্রী সফর করেছেন। গড়ে প্রায় ১৬০ শতাংশ যাত্রী পাচ্ছে দেশের তৃতীয় এসি ট্রেন রুট। অর্থাৎ ১০০ জন যাত্রী বসে সফর করলে ৬০ জন দাঁড়িয়ে যাচ্ছেন।

Advertisement

উল্লেখ্য, এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনের হাতে দু’টি এসি রেক রয়েছে। তার মধ্যে একটি সপ্তাহে সাতদিন চলবে শিয়ালদহ-রানাঘাট রুটে। অন্যটি একটি এসি রেক চলবে নয়া দুই রুটে। কিন্তু তা কীভাবে সম্ভব? এক রেলকর্তা বলেন, ‘রেকটি সকালে রানাঘাট থেকে যাত্রী তুলে বনগাঁ-বারাসত হয়ে শিয়ালদহ ঢুকবে। সেই রেকই ১১ মিনিটের মধ্যে শিয়ালদহ থেকে যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা হবে। দুপুরে কৃষ্ণনগর থেকে ডাউনে যাত্রী তুলে শিয়ালদহ পৌঁছবে। তারপর সেখানে কয়েক ঘণ্টা বিরতির পর সন্ধ্যার ব্যস্ত সময়ে শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পৌঁছবে।’ সূত্রের দাবি, নয়া এই দু’টি রুটে এসি লোকালের পরিষেবা মিলবে সপ্তাহে ছ’দিন। রবিবার রেকটির মেরামতির জন্য চালানো হবে না। জানা গিয়েছে, মুম্বই ও চেন্নাইয়ের পর কলকাতায় এসি লোকাল চালু হয়েছে। যাত্রীদের ব্যাপক সাড়া দেখেই নয়া রুট চালুর সিদ্ধান্ত হয়। শহরতলির ট্রেন পরিষেবায় বাড়তি স্বাচ্ছন্দ্য আনতে রেলবোর্ডের কাছে আরও দু’টি এসি রেক চেয়েছে শিয়ালদহ ডিভিশন। এখন দেখার, সেগুলি কবে আসে। 
অন্যদিকে, অফিসটাইমে যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে বিধাননগর রোড-কল্যাণী এবং বারাসত-হাসনাবাদ রুটে দু’টি নয়া ট্রেন চালু হতে চলেছে। সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিধাননগর রোড থেকে ছেড়ে রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। সেখান থেকে রাত ৮টা ৫২ মিনিটে ছেড়ে ১০টা ১৯ মিনিটে শিয়ালদহ ঢুকবে ট্রেনটি। অন্যটি বারাসত থেকে বেলা সওয়া ১২টায় ছেড়ে হাসনাবাদে দুপুর ১টা ৩৮ মিনিটে পৌঁছাবে। সেখান থেকে ২টো ২৭ মিনিটে ছেড়ে বারাসতে ঢুকবে ৩টে ৫৭ মিনিটে।      

Advertisement
সম্পর্কিত সংবাদ