সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত ইমার্জেন্সি (এসি) বিভাগ। নবরূপে এই বিভাগের উদ্বোধন করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। প্রশাসন সূত্রে খবর, এই বিভাগকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। ইমার্জেন্সিতে পুরুষ ও মহিলাদের জন্য একটি করে অবজারভেশন বেড ছাড়াও হলুদ, সবুজ ও লাল রঙের তিনটি আলাদা বেড থাকছে। হাসপাতালের ইমার্জেন্সি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় খুশি রোগী ও তাঁদের পরিজনরা।
উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল হাওড়া ও হুগলি জেলার সীমান্তে অবস্থিত। য
ফলে হাওড়া জেলা ছাড়াও হুগলি জেলার বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। ১১০ শয্যার এই হাসপাতালে ২৫ জন চিকিৎসক ছাড়াও আছেন ৪৫ জন নার্স। হাসপাতালে শিশুরোগ সহ বিভিন্ন বিভাগ রয়েছে। এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় একাধিক পুরস্কার এসেছে হাসপাতালের ঝুলিতে। এছাড়াও ভারত সরকারের কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড পুরস্কারও পেয়েছে এই হাসপাতাল। ইমার্জেন্সি বিভাগটি এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় নানা সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন সমীর পাঁজা। তিনি বলেন, এখন আর রোগীদের ইমার্জেন্সিতে চিকিৎসা করাতে অসুবিধা হবে না। নিজস্ব চিত্র