Bartaman Logo
১০ জুন, ২০২৬

অমৃত ভারত এক্সপ্রেসেও জুড়তে পারে এসি কামরা, ভাবনা রেলের

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে সাধারণ নন-এসি স্লিপার কোচের পাশাপাশি যুক্ত হতে পারে শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও।

অমৃত ভারত এক্সপ্রেসেও জুড়তে  পারে এসি কামরা, ভাবনা রেলের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে সাধারণ নন-এসি স্লিপার কোচের পাশাপাশি যুক্ত হতে পারে শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও। চলতি বছরেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য এমন পরিকল্পনা নিচ্ছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, ইতিমধ্যে এসংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে চেন্নাইয়ের আইসিএফকে (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি)। এসি কোচ যুক্ত হলে স্বাভাবিক নিয়মেই যাত্রী ভাড়াও বৃদ্ধি পাবে। অর্থাৎ, আয় বৃদ্ধি করতে সেই নিম্ন মধ্যবিত্ত রেল যাত্রীদের উপরেই চাপ বাড়তে চলেছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশের দু’টি রুটে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করে কেন্দ্র। উদ্বোধনের সময় মোদি সরকার জানিয়েছিল, এই ট্রেন হবে শুধুমাত্র প্রান্তিক মানুষদের জন্য। গোটা ট্রেন হবে নন-এসি স্লিপার।

Advertisement

 ফলে ভাড়া হবে অনেক কম। কিন্তু গড়পড়তা সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেক দ্রুত গতিতে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস। মাত্র দু’বছরের মধ্যেই উল্লিখিত ঘোষণার থেকে রেল প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, গোটা ট্রেনকেই এসি স্লিপার ক্লাসে পরিণত করে ফেলার কথা বলা হচ্ছে না ঠিকই। কিন্তু যদি দু’টো এসি কোচও জোড়া হয়, তাহলে সেইমতো নন-এসি সাধারণ স্লিপার ক্লাসের সংখ্যাও কমে যেতে বাধ্য। এর ফলে প্রান্তিক স্তরের যাত্রীদের হয় বেশি ভাড়ায় এসি ক্লাসের টিকিট কেটেই ভ্রমণ করতে হবে। অথবা নন-এসি স্লিপার ক্লাসে চরম অস্বাচ্ছন্দ্যের মধ্যে সফর করতে হবে। এমনকি এক্ষেত্রে নন-এসি স্লিপার ক্লাসে কনফার্মড টিকিট পেতেও সমস্যার সম্মুখীন হতে হবে। এব্যাপারে অন্তত বুধবার রাত পর্যন্ত রেলমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বিতর্ক এড়াতে রেল বোর্ড সূত্রে দাবি করা হয়েছে, অমৃত ভারত এক্সপ্রেসের এসি কোচ শুধুই ওই ট্রেনেই জুড়বে, এমনটা নয়। বহু দূরপাল্লার সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনেও নতুন তৈরি হওয়া অমৃত ভারতের এসি কোচ যুক্ত করা হবে। ফলে অন্যান্য ট্রেনেও গতি এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ইতিমধ্যে চেন্নাই-নিউদিল্লি গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস এবং চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসে এসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে চেন্নাইয়ের আইসিএফ সূত্রে জানানো হয়েছে, আপাতত অমৃত ভারত ট্রেনের সাতটি এসি কোচ তৈরির বরাত মিলেছে। এর মধ্যে আগামী এপ্রিলের মধ্যে তৈরি করতে হবে দু’টো এসি কোচ। প্রসঙ্গত, এই মুহূর্তে সারা দেশের মোট ২৭টি রুটে অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ