নৈনিতালে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার এবিভিপি নেতা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নৈনিতাল: হোটেলে নাবালিকার গণধর্ষণ ঘিরে উত্তপ্ত উত্তরাখণ্ডের হলদোয়ানি। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী কাল উত্তরাখণ্ড ভবনের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া। শনিবার আসন্ন প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করে কংগ্রেসের ছাত্র সংগঠন। বিবৃতিতে তারা জানিয়েছে, রাজনৈতিক চাপ দিয়ে এই মামলা ধামাচাপা দেওয়া যাবে না। সংগঠনের জাতীয় সভাপতি বিনোদ জাখর বলেন, ‘আইন আইনের পথেই চলবে। নির্যাতিতাকে ন্যায়বিচার দিতেই হবে। কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’ 

Advertisement

গত বৃহস্পতিবার রাতে মুখানি এলাকার হোটেলে ১৬ বছর বয়সি ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ধীরজ বিস্ত, নীতিল পাল, অংশ খাত্রি ও হিমাংশু গোনি জানা গিয়েছে, ধীরজ এবিভিপি নেতা। শুক্রবার নৈনিতালের এসএসপি মঞ্জুনাথ টিসি বলেন, ‘পরিবারের অভিযোগ অনুযায়ী, রীতিমতো হুমকি দিয়ে নির্যাতিতার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। অভিযুক্তদের ধরতে একাধিক টিম গঠন করা হয়। বর্তমানে চারজন আমাদের হেপাজতে রয়েছে। জেরায় ঘটনার কথা স্বীকার করে নেয় তারা। ঘটনাস্থল থেকে একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে।’
ধীরজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসতেই এবিভিপির বিরুদ্ধে সুর চড়িয়েছে এনএসইউআই। এবিষয়ে আরএসএসের ছাত্র সংগঠনের অবস্থান জানতে চাওয়া হয়েছে। চাপের মুখে বিবৃতি দিয়ে এবিভিপি জানিয়েছে, ‘এই ঘটনার নিন্দা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি।’ সংগঠনের রাজ্য সম্পাদক যশবন্ত পানওয়ার বলেন, ‘বিচার প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবে এবিভিপি।’