নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাত্র ইউনিট কমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? তা নিয়েই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দুই গোষ্ঠীর সংঘর্ষ। শনিবার বিকালে হাবড়ার শ্রীচৈতন্য কলেজে এনিয়ে দু’পক্ষের মারপিট হয়। আহত হন দু’পক্ষের কয়েকজন ছাত্র। খবর পেয়ে কলেজে যায় হাবড়া থানার পুলিশ।
রাজ্যে পালাবদলের পর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির বিধায়ক ও সাংসদদের। তবে এখনও কলেজগুলিতে নির্বাচিত ছাত্র সংসদ তৈরি হয়নি। এরমধ্যেই জেলার বিভিন্ন কলেজে এবিভিপি সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে। কলেজে ছাত্র ইউনিট কমিটি গঠন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাও চলছে। শনিবার সেই নিয়ন্ত্রণের প্রশ্নেই অশান্তি বাধে শ্রীচৈতন্য কলেজে। অভিযোগ, এবিভিপির ছাত্র ইউনিট কমিটি গঠনের ‘দখল’ ঘিরে সংগঠনের দুই গোষ্ঠীর ছাত্র এবং কয়েকজন বহিরাগত ছাত্রনেতার মধ্যে প্রথমে বচসা হয়। পরে তা গড়ায় হাতাহাতিতে। আক্রান্তদের মধ্যে রয়েছেন হাবড়া বিধানসভার এবিভিপির যুগ্ম সম্পাদক কৌশিক দেবনাথ এবং তাঁর সমর্থক কয়েকজন পড়ুয়া। কৌশিকের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজনের সঙ্গে কলেজের কিছু পড়ুয়া মিলে আমাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে, কৌশিকদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন কলেজের এবিভিপি ইউনিটের সম্পাদক রীতেশ শীল।