ভাঙড়ে গাঁদা ফুলের ব্যাপক ফলন,  বিক্রি ভালো হওয়ায় খুশি চাষিরা
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, সংবাদদাতা, বারুইপুর: লক্ষ্মীপুজো আসন্ন। গৃহস্থ বাড়িতে সাজ সাজ রব। চাহিদা বাড়ছে ফুলেরও। ভাঙরের বিভিন্ন গ্রামে এবার গাঁদা চাষের রমরমা। লক্ষ্মীপুজোর আগে গাঁদা ফুলের বিক্রি বাড়ায় খুশি চাষিরা। হাওড়ার মল্লিকবাজার সংলগ্ন এলাকায় যাচ্ছে ভাঙরের গাঁদাফুল।

Advertisement

ভাঙরের জাগুলগাছি, সাইটগাছি, প্রাণগঞ্জ এলাকায় এবার গাঁদার ফলন বেশি হয়েছে। বাড়িতে বাড়ির মহিলারা গাঁদার মালা তৈরি করেন বিক্রির জন্য। চাষিদের দাবি, গত বছর গাঁদার ফলন তেমন হয়নি। তাই বেশি দামে গাঁদা বিক্রি করতে হয়েছিল। এবার সেই অবস্থা নেই। ফলে মুখে চওড়া হাসি চাষিদের। স্থানীয় চাষি প্রবীর মণ্ডল বলেন, কুড়িটি গাঁদার মালা ২০০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পুজোর সময় আরও দাম বাড়বে। গত বছরে কুড়িটি গাঁদার মালার দাম ছিল ৬০০ টাকা থেকে ৮০০ টাকা। এবার গাঁদার ফলন বেশি হওয়ায় দাম কমেছে। বৃষ্টি কম হওয়ায় ফলন বেশি হয়েছে। কিন্তু মোটের উপর লাভ হচ্ছে। অন্য এক চাষি, দিপু মণ্ডল বলেন, হাওড়ার মল্লিকবাজার সংলগ্ন এলাকায় গাঁদা ফুল নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্রি ভালো হয়। এবার গাঁদা ফুলের ব্যাপক ফলন হয়েছে গোটা ভাঙর ১ নম্বর ব্লক জুড়ে। তবে শুধু হাওড়া নয় সোনারপুর, শিয়ালদহতেও যায় ভাঙরের গাঁদা ফুল। এদিকে, শুক্রবার কলকাতার জগন্নাথ ঘাট পাইকারি ফুল বাজারে চড়ছে দর। গাঁদার মালার দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। মালা প্রতি ২০টি ফুল রয়েছে। এছাড়া দোপাটি সহ অন্যান্য কুচো ফুলের দামও ছিল সাধ ও সাধ্যের মধ্যে। রজনীগন্ধার প্রমাণ সাইজের মালা বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। তবে খুচরো বাজারে বড়ো গাঁদার মালার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা কোথাও তা ৪০ টাকা দরেও বিক্রি হয়েছে। এছাড়া রজনীগন্ধার মালা বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। প্রমাণ সাইজের রজনীগন্ধার মালা কোথাও ৬০ কোথাও ৭০ বা ৮০ টাকায় বিক্রি হয়েছে।  নিজস্ব চিত্র