ব্রতীন দাস, মালদহ: দাদা গনি খানের নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানকে আরও অনেক বড়ো করতে চেয়েছিলেন আবু নাসের খান চৌধুরী (লেবু)। সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের পাট চুকিয়ে পাকাপাকিভাবে মালদহে চলে আসার পর ট্রাস্ট গড়ে বরকত সাহেবের নামে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তৈরিতে উদ্যোগ নেন তিনি। এজন্য জমিদানের পাশাপাশি সরকারি বরাদ্দ আনতেও বিশেষ ভূমিকা ছিল তাঁর। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন। নিজে যেমন পড়াশুনা করেছেন বিদেশে, তেমনই ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে ২৫ বছর একাধিক কলেজে শিক্ষকতা করেছেন লেবুবাবু। গনি খানের মৃত্যুর পর মালদহে ফিরে পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রসারে উদ্যোগ নেন তিনি। সেইসঙ্গে ছেলেমেয়েরা যাতে কম্পিউটার শিখতে পারে, সেজন্য মালদহের বিভিন্ন এলাকায় ২৫টি কম্পিউটার সেন্টার খোলেন।
স্ত্রী তন্দ্রা মণ্ডল বলেন, লেবুবাবু সবসময় মালদহের উন্নয়নে ভাবতেন। পরিযায়ী শ্রমিক হিসাবে যাতে ভিনরাজ্যে কাজ করতে যেতে না হয়, সেজন্য ছেলেমেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার দিকে সবচেয়ে বেশি উদ্যোগ ছিল তাঁর। সেই লক্ষ্যেই গনি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তৈরির ভাবনা।
দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী বলেন, হাতেকলমে শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই স্বপ্ন ছিল বরকত সাহেবের। তাঁর মৃত্যুর পর পরিবারের তরফে গনি খান চৌধুরীর স্বপ্ন পূরণের উদ্যোগ নেওয়া হয়। জেঠু (লেবুবাবু) শিক্ষার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন। সেজন্য তাঁকে সামনে রেখেই ওই ইনস্টিটিউটের জন্য ট্রাস্ট তৈরি করে পরিবারের তরফে জমিদান করা হয়।
করোনার পর থেকেই একটু একটু করে শরীর ভাঙছিল সুজাপুরের দু’বারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরীর। কলকাতার নিউ টাউনে বাড়ি থাকলেও শেষের দিকে বেশিরভাগ সময় মালদহে কাটাতেই পছন্দ করতেন তিনি। তিন মাস আগে কোতোয়ালির বাড়ি থেকে গিয়েছিলেন কলকাতায়। ডাক্তার দেখিয়ে ২৫ ডিসেম্বরের আগে মালদহে ফেরার কথা ছিল। বলেছিলেন, কোতোয়ালিতেই বড়দিনের উৎসব পালন করবেন। কিন্তু তা আর হল না, আক্ষেপ পরিবারের।
এদিন কোতোয়ালিতে লেবুবাবুর বৈঠকখানায় গিয়ে দেখা যায়, গত জানুয়ারিতে তাঁর জন্মদিনে সাজানোর স্মৃতি এখনও রয়ে গিয়েছে দেওয়ালে। স্ত্রী বলেন, বয়স হলেও খুব শৌখিন ছিলেন। সকালে উঠে সুইস-কফিতে চুমুক দিয়ে তাঁর দিন শুরু হত। সমুদ্র ও পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করতেন। ইংল্যান্ডে ঘোড়ায় চড়তেন। সেখানে বাড়িতে আস্তাবল ছিল। পরিবারের দাবি, মৃত্যুর আগেও লেবুবাবু বারবার বলে গিয়েছেন, শিক্ষার প্রসারের পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিজেদের জড়িয়ে রাখতে। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে তাঁর মরদেহ পৌঁছায় কোতোয়ালিতে। বাড়িতেই মা-বাবা ও দাদা-ভাইয়ের মাজারের পাশে কবরে শায়িত করা হয় তাঁকে। নিজস্ব চিত্র



