সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিতর্ক এড়াতে ও সামাজিক সম্মান ধরে রাখতে এবার আবাসের তালিকা থেকে মায়ের নাম কেটে দিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ ওরাওঁ। রমেশবাবুর বাড়ি মাদারিহাটের বান্দাপানি চা বাগানের হাটখোলা লাইনে। শনিবার তিনি নিজেই বিডিও’র কাছে আবেদন করে আবাসের তালিকা থেকে নিজের মায়ের নাম কেটে দেন। বিতর্ক এড়াতে ও সামাজিক সম্মানহানির ভয়েই কি আবাসের তালিকা থেকে মায়ের নাম কেটে দিলেন? এই প্রশ্ন করা হলে রমেশবাবু বলেন, বিষয়টি ঠিক তা নয়। আসলে মায়ের নাম যখন তালিকায় উঠেছিল তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এখন আমি নিজের সঞ্চয়ের টাকা দিয়েই পাকা বাড়ি করেছি। ফলে মায়ের আর আবাসের ঘরের দরকার নেই। আমি চাই যোগ্য লোকেরা আবাসের ঘর পাক। সেই জন্যই বিডিওকে বলে আবাসের তালিকা থেকে মায়ের নাম কেটে দিলাম। রমেশবাবুর এই সিদ্ধান্তকে অবশ্য তাঁর দল তৃণমূল কংগ্রেস স্বাগত জানিয়েছে। দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, রমেশবাবুর এই সিদ্ধান্তে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমরা চাই যোগ্যরা আবাসের ঘর পাক।



