সংবাদদাতা, কান্দি: বাংলা আবাস যোজনায় স্বচ্ছতা আনা সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস। সোমবার বিকেলে ভরতপুর-১ বিডিও অফিসে এই বিক্ষোভ চলে। পরে কর্মীরা সংশ্লিষ্ট বিডিওকে একটি স্মারকলিপিও দিয়েছেন। এই ব্লকের জয়েন্ট বিডিও সুবীর হাজরা বলেন, দাবিগুলি যুক্তি সঙ্গত ছিল বলেই মনে হয়েছে। আমরা তাঁদের আশ্বাস দিয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় থাকবে। এবিষয়ে ভরতপুরের প্রাক্তন বিধায়ক তথা ভরতপুর-১ ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চট্টোপাধ্যায় বলেন, বাংলা আবাস যোজনা নিয়ে চরম অনিয়ম চলছে এখানে। বড়লোকরা বাড়ি পেলেও দুঃস্থরা বঞ্চিত থেকে যাচ্ছেন। তাই নতুন করে আবাসের তালিকা তৈরির দাবি করা হয়েছে।



