Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের টাকা ঢুকলেও ১১৫ জন বাড়ি করেননি

আবাসের টাকা ঢুকলেও ১১৫ জন বাড়ি করেননি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে বহু গ্রাহকের নামেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকলেও বাড়ি করেননি। এই তালিকায় রয়েছেন ১১৫ জন উপভোক্তা। ওই উপভোক্তাদের নোটিস করেও লাভ হয়নি। তাই এবারে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। গত শুক্রবার বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন চেয়ারম্যান। মঙ্গলবার বালুরঘাটের ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডে যান পুরসভার চেয়ারম্যান। টাকা পেয়েও কেন বাড়ি করেননি, তা জানতে চান চেয়ারম্যান। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে ওই টাকায় বাড়ি তৈরি শুরু না করলে টাকা ফেরতের পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারম্যান। এবিষয়ে পুর চেয়ারম্যান অশোক মিত্র বলেন, আবাসের জন্য শহরজুড়ে বহু  বাড়ি তৈরির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই কাজগুলি কেমন চলছে তা দেখার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। পাশাপাশি বেশকিছু বাড়ি রয়েছে, সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তবুও বাড়ি তৈরি করেননি। আমরা কাউকে একবার, কাউকে দু’বার নোটিস করেছি। কিন্তু তবুও তাঁরা বাড়ি করেননি। আমরা সেই উপভোক্তাদের জানিয়েছি। সাত দিনের মধ্যে কাজ শুরু না করলে টাকা ফেরত দিতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ