Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের সুপার চেকিং করতে ময়দানে নামলেন জেলাশাসক

আবাসের সুপার চেকিং করতে ময়দানে নামলেন জেলাশাসক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় আবাসের তালিকায় রয়েছে ৮৫ হাজার উপভোক্তার নাম। সুপার চেকিং করতে এবার ময়দানে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিস সুপার চিন্ময় মিত্তাল।
Advertisement
মঙ্গলবার বালুরঘাটের বোল্লায় বাড়ি বাড়ি সার্ভে করেন আধিকারিকরা। আবাসের তালিকায় কোনওভাবেই যাতে ভুয়ো নাম না থাকে, তা দেখতেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই সুপার চেকিং  করতে নেমেছেন। কয়েকদিনের মধ্যেই আবাসের চূড়ান্ত তালিকা রাজ্যের কাছে পাঠানো হবে বলে জেলাশাসক জানিয়েছেন। 
জেলাশাসক বলেন, পুলিসের তরফেও ভেরিফাই করা হয়েছে। এখন আমাদের আধিকারিকরা সুপার চেকিং করতে নেমেছেন। বিডিও, এসডিও, কালেক্টরেটের আধিকারিকরাও এই কাজ করছেন।
কোথাও অভিযোগ ও ভুলত্রুটি যাতে না থাকে, সেজন্যই এই পদক্ষেপ। তিন, চারদিনের মধ্যেই রাজ্যের কাছে তালিকা পাঠানো হবে। 
মঙ্গলবার দুপুরে বোল্লা গ্রামের এক উপভোক্তার বাড়িতে যান জেলাশাসক। সেই বাড়ি একেবারেই ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির মালকিন সান্ত্বনা সরকারের সঙ্গে কথা বলে ঘরের জন্য কী কাজপত্র প্রয়োজন এবং কীভাবে ঘর পাবেন, সে বিষয়ে কথা বলেন ডিএম। সান্ত্বনা বলেন, দীর্ঘদিন আগে ঘরের জন্য আবেদন করেছিলাম। তারপরেও আবেদন করে ঘর মেলেনি। আজকে ডিএম ও এসপি স্যর এসে আশ্বাস দিয়েছেন। এবার মনে হচ্ছে ঘর পাব। আরও একটি বাড়িতে গিয়ে ডিএম দেখেন বিশেষভাবে সক্ষম কিশোর রয়েছে সেখানে। সে ভাতা পায় কি না খোঁজ নিয়েছেন ডিএম, বিডিওরা। ওই বাড়ির মহিলা শিখা সরকার বলেন, পাঁচ বছর আগে ঘরের জন্য আবেদন করেছিলাম। বৃষ্টির দিনে খুব সমস্যা হয়। প্রশাসন ব্যবস্থা করলে খুবই ভালো হয়।
প্রশাসন সূত্রে খবর, কয়েক দফায় পঞ্চায়েত, ব্লক, পুলিসের তরফে আবাসের সার্ভে হয়েছে। এবার সুপার চেকিং করে চূড়ান্ত তালিকা তৈরি হবে। প্রশাসনের দাবি, সুপার চেকিংয়ে কোথাও ভুলত্রুটি নেই। প্রাথমিক সার্ভে মিলে যাচ্ছে। তবে বঞ্চিত অনেকেই ঘর না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই বিষয়গুলি পরবর্তীতে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ