Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের নামে ভুয়ো ফর্ম বিক্রি, প্রতারণার ছক দক্ষিণ দিনাজপুরে

আবাসের নামে ভুয়ো ফর্ম বিক্রি, প্রতারণার ছক দক্ষিণ দিনাজপুরে
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: এবার আবাস যোজনা প্রকল্পে প্রতারণার ছক দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রকল্পের তালিকায় নাম না থাকাদের কাছে টাকার বিনিময়ে ভুয়ো আবেদন ফর্ম বিক্রি করা হচ্ছে। এতে জড়িত পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে একাংশ সাইবার ক্যাফে ও জেরক্সের দেকানের মালিকরা। অভিযোগ, আবাস যোজনায় যাঁদের নাম নেই তাঁদেরকে পঞ্চায়েতের সদস্যরা একটি আবেদনের ফর্ম ক্যাফে থেকে কিনে তা পূরণ করার পর বিডিও অফিসে জমা দিতে পরামর্শ দিচ্ছেন। সেই আবেদন ১০০-২০০ টাকার বিনিময়ে  সংগ্রহ করতে সাইবার ক্যাফেগুলিতে হিড়িক পড়ে গিয়েছে। বিশেষ করে এই চক্র হিলি ব্লকে বেশি করে গজিয়ে উঠেছে। ফর্ম পূরণ করে কেউ পঞ্চায়েতে, কেউ আবার ব্লক অফিসে জমা দিচ্ছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে ক্যাফেগুলি যোগসাজশ করে এই ভুয়ো আবেদন বিক্রি করে মুনাফা লুটছে বলে অভিযোগ। সূত্রে জানা গিয়েছে, যে আবেদন আবাস যোজনার নামে বিক্রি করা হচ্ছে তা সরকারি ফ্ল্যাট বিক্রির আবেদনপত্র। যা অনলাইন থেকে ডাউনলোড করে আবাস যোজনার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই আবেদন ভুয়ো। কারও আবাস নিয়ে কোনও অভিযোগ থাকলে সাদা কাগজে আবেদন ব্লক অফিসে জমা দিতে পারেন। যারা এই ভুয়ো ফর্ম বিক্রি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, বিষয়টি নজরে এসেছে। এমন আবেদন প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে না। বিষয়টি তদন্ত করে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যাতে কেউ প্রতারিত না হয় সেজন্য আমরা সচেতনতামূলক প্রচার করব। হিলির বিডিও চিরঞ্জিত সরকার বলেন, এমন আবেদন পঞ্চায়েত বা ব্লক কারও পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। প্রত্যেক প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও এমন আবেদন বিলি কেউ না করে। পাশাপাশি ব্লকে এই আবেদন কেউ নিয়ে এলে আমরা জমা নেব না, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা ঘোষ বলেন, কে বা কারা এই আবেদন বিলি করছে জানি না। আমাদের পঞ্চায়েতে এমন আবেদন কয়েকজন নিয়ে এসেছিল। আমরা এনিয়ে সচেতনতা বৃদ্ধি করছি। ধলপাড়া পঞ্চায়েতের লালপুরের বাসিন্দা নরেন মাহাত বলেন, এক সাইবার ক্যাফে  থেকে এই আবেদন সংগ্রহ করেছি। তা পূরণ করে ব্লকে জমা দিয়েছি। পঞ্চায়েত সদস্য আমাকে বলেছিলেন এই আবেদন পূরণ করে জমা দিতে। আবাসের তালিকায় আমার নাম নেই। শুনেছি এই আবেদন জমা করলে তালিকায় নাম উঠবে।
সম্পর্কিত সংবাদ