Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের জন্য টাকা দাবি, সরকারি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আবাসের জন্য টাকা দাবি, সরকারি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে টাকা তোলার অভিযোগে সরকারি কর্মীর বিরুদ্ধে বংশীহারি থানায় লিখিত অভিযোগ জমা পড়ল।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সরকারি কর্মী দৌলতপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মী। গত শুক্রবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়।  যার সত্যতা অবশ্য যাচাই করেনি ‘বর্তমান’। দেখা গিয়েছে, ওই কর্মী  বংশীহারির একটি  গ্রামে গিয়ে উপভোক্তাদের কাছে মধ্যাহ্নভোজ ও বাইকের তেল বাবদ ৫০০, ১০০০ টাকা দাবি করেন। সেই ঘটনার পর বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হুরমত আলী। বিডিও সুব্রত বল সেই অভিযোগ বংশীহারি থানায় পাঠান। রবিবার মামলা দায়ের করে তদন্তে নেমে পুলিস ওই গ্রামে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলে। পুলিস সূত্রে খবর, টাকা নেওয়ার বিষয়ে কোনও উপভোক্তা মুখ খোলেননি। বংশীহারি থানার আইসি অসীম গোপ এপ্রসঙ্গে বলেছেন, আমরা তদন্ত শুরু করেছি। এখনও অভিযুক্ত কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
তবে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তাদের কর্মীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু জানেই না। জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডিরেক্টর অভিজিৎ মণ্ডল বলেন,আমার দপ্তরের কোনও কর্মী আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে টাকা নিয়েছেন, এমন কোনও লিখিত অভিযোগ পাইনি। যতটুকু জেনেছি সবটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ