Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে

আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ব্লক অফিসে আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এদিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাঁদের নাম আসেনি বলে সকলের দাবি। অথচ অনেক অযোগ্যদেরও বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে বলে তাঁদের অভিযোগ। আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
Advertisement
এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, মানুষের আবেদন করার অধিকার রয়েছে। কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না। তবে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি।
সেকেন্দ্রা ইমামনগরের ভাদুড়ি বেওয়া, কাশিয়াডাঙা দর্গাপাড়ার নাজেমা বিবি ও সাইদাপুর গ্রামের রেহেনা বিবিরা সকালেই ব্লক অফিসে এসেছেন। তাঁদের টিন ও টালির কাঁচা বাড়ি। চালা দিয়ে জল পড়ে বলে দাবি তাঁদের। আবাস যোজনায় বাড়ির তালিকায় তাঁদের নাম আসেনি। সরকারি লোক তাঁদের বাড়ি সার্ভে করেনি। অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে খবর পেয়ে তাঁরা এসেছেন। বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছেন তাঁরা। কাশিয়াডাঙার নাজেমা বিবি বলেন, আমাদের টালির ঘর, চালা বেয়ে ঘরে জল পড়ে। ঘরে থাকতে পারি না, তবুও আমাদের বাড়ি দেয়নি। বিডিও অফিসে ফর্ম জমা করেছি। যাঁদের পাকা বাড়ি তারা ঘর পেলে আমরা কেন পাব না? সাইদাপুরের রেহেনা বিবি বলেন, দু’ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করেছি। আমাদের এলাকার অনেকেই এসেছে আমিও জমা করেছি। এখন বাড়ি পাব কি না সাহেবরাই বলতে পারবে। আমাদের ঘর দেখে আসুক আমরা কী অবস্থায় থাকি। ইমামনগরের প্রৌঢ়া ভাদুড়ি বেওয়া বলেন, এলাকায় সবাই বলাবলি করছে বিডিও অফিসে ফর্ম জমা করলে বাড়ি পাওয়া যাবে। সে কথা শুনে অফিসে এসে আমি খোঁজ নিচ্ছি কোথায় কী করতে হবে। আমি এখনও কোনও ফর্ম পাইনি। আমার টিনের ভাঙাচোরা বাড়িতে থাকতে পারিনা। সরকারি ঘরটা পেলে ভালো হয়।
সিপিএমের জঙ্গিপুর এরিয়া কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যোগ্যদের বাড়ি দেওয়া হয়নি। তাঁদের বঞ্চিত রেখে অর্থের বিনিময়ে নিজেদের আত্মীয় পরিজন ও দলের লোকদের বাড়ি দেওয়া হয়েছে। একজন যোগ্য ব্যক্তির নাম বাদ গেলে আমরা জেলাশাসকের অফিস পর্যন্ত ঘেরাও করব। রঘুনাথগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ বলেন, সরকারি নির্দেশে নিয়ম মেনেই আবাসের সার্ভের কাজ চলছে। সেখানে বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। এখন কোনও নতুন আবেদনের নির্দেশ নেই, মানুষ ভুল বুঝে হয়রান হচ্ছে।
সম্পর্কিত সংবাদ