Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের ঘর নেবেন না, নাম প্রত্যাহার চেয়ে চিঠি উপপ্রধানের

আবাসের ঘর নেবেন না, নাম প্রত্যাহার চেয়ে চিঠি উপপ্রধানের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: আবাস যোজনায় ঘর না নেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের শুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুব রহমান। শুক্রবার গ্রাম পঞ্চায়েতে তিনি ঘর না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এদিন তাঁর ভাইপো মেফতাউল জান্নাতও ঘর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উপপ্রধান এবং তাঁর ভাইপোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন।  মাহবুব রহমানের মায়ের নামে ঘর বরাদ্দ হয়েছিল। একমাস আগে তাঁর মা মারা যান। ওয়ারিশ সূত্রে সেই ঘরের প্রাপক তিনি। কিন্তু তাঁর পাকা বাড়ি রয়েছে। সেই কারণে তিনি আবাস যোজনার ঘর নিতে চাননি। মেফতাউল জান্নাতেরও আর্থিক অবস্থা আগে খারাপ ছিল। সেই সময় আবাস যোজনার তাঁর নাম ওঠে। পরবর্তীতে আর্থিক অবস্থার উন্নতি হয়। তাই ঘর নিতে তিনি  রাজি নন। দু’জনই লিখিত আকারে ঘর না নেওয়ার ইচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন। শুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, ওয়ারিশ সূত্রে আমার মায়ের বরাদ্দ ঘর আমার জন্য বরাদ্দ হওয়ার কথা। কিন্তু আমার আর্থিক অবস্থা ঠিক আছে। সেই কারণেই মায়ের ঘর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছি। 
Advertisement
উপপ্রধানের ভাইপো বলেন, বর্তমানে আমরা আর্থিকভাবে অবস্থাসম্পন্ন। তাই আবাস যোজনার ঘর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বদলে গ্রামের গরিব লোক ঘর পেলে খুশি হব। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন বলেন, উপপ্রধান ও তাঁর ভাইপোর সিদ্ধান্ত প্রশংসার যোগ্য।
সম্পর্কিত সংবাদ