Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন পুঞ্চার পঞ্চায়েতের প্রধান

আবাসের বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন পুঞ্চার পঞ্চায়েতের প্রধান
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: তিনি তৃণমূল পরিচালিত নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নপাড়া অঞ্চলের কৈড়া গ্রামের বাসিন্দা অপর্ণা কালিন্দী। আগেকার দিনের টালির বাড়িতে বসবাস। তাই প্রধানের স্বামীর নামে এসেছিল আবাস যোজনার বাড়ি। কিন্তু প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় বাড়ি ফেরালেন পঞ্চায়েত প্রধান। এ নিয়ে প্রধানের স্বামী নিরঞ্জন কালিন্দী সোমবার পুঞ্চার বিডিওর কাছে লিখিত আবেদন জানান।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে নপাড়া অঞ্চলের কৈড়া সংসদ থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে প্রধানের আসনে বসেছিলেন অপর্ণা। স্বামীসহ ছেলেমেয়ে নিয়ে মোট চারজনের সংসার তাঁর। দুঃস্থ পরিবার। অপর্ণার স্বামী নিরঞ্জন কালিন্দী আগে বাইরে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী প্রধান হওয়ার পর থেকে বাড়িতেই থাকেন। শ্বশুরের আমলে তৈরি টালির বাড়িতেই বসবাস। তাই আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের পরিবার। সেই মতো স্বামীর নামে এসেছিল সরকারি প্রকল্পের বাড়িও। সার্ভে করার পর প্রকৃত উপভোক্তা লিস্টে নাম ছিল প্রধানের স্বামী নিরঞ্জন কালিন্দীর। কিন্তু আবাস যোজনার বাড়ি নিতে অনীহা পঞ্চায়েত প্রধান সহ তাঁর স্বামীর। এ নিয়ে নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আমরা টালির বাড়িতে বসবাস করি। সেই কারণে আবাস যোজনায় স্বামীর নামে বাড়ি এসেছিল। কিন্তু সেই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাই। কারণ এখনও অনেক গরিব দুঃস্থ মানুষ বাড়ি পাননি। আমরা চাই তাঁদের আগে বাড়ি হোক, তারপর আমাদের। তিনি আরও জানান, কেন্দ্র সরকারের বাড়ি দেওয়ার কথা। কিন্তু ওই বাড়ির টাকা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তাই সেই বাড়ির টাকা গরিব মানুষ আগে পান।
প্রধানের স্বামী জানান, বর্তমানে আমার স্ত্রী নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাই এখন আমি সরকারি প্রকল্পের বাড়ি নিতে চাই না। আমার পরিবর্তে অন্য কোন দুঃস্থ ব্যক্তি বাড়ি পেলে আনন্দিত হব। এ বিষয়ে তিনি সোমবার পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চট্টোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানান। পুঞ্চার বিডিও জানান, নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য লিখিত আকারে জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাহাতো বলেন, দিদির আদর্শকেই মেনে চলেছেন নপাড়া পঞ্চায়েতের প্রধান। দুঃস্থ পরিবার হওয়া সত্ত্বেও একজন প্রশাসনিক পদে থেকে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। এটা একটা দৃষ্টান্ত।
সম্পর্কিত সংবাদ