নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাড়ি পেতে চলেছে মঙ্গলকোটের বনকাপাশির সেই দিনমজুর পরিবারটি। বাড়ি ভেঙে যাওয়ায় খোলা জায়গায় ত্রিপল খাটিয়ে তাঁরা বসবাস করছিলেন। ‘বর্তমান’ পত্রিকায় সেই খবর প্রকাশ হওয়ার পরই প্রশাসন পদক্ষেপ নেয়। জেলাশাসক আয়েশা রানি এ মঙ্গলকোটের বিডিও অনমিত্র সোমকে বিষয়টি দেখার নির্দেশ দেন। সেই মতো বিডিও এদিন গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরই পরিবারটিকে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘বর্তমান’ পত্রিকায় খবরটি দেখার পরেই জেলা প্রশাসনকে জানানো হয়। পরিবারটিকে বাড়ি দেওয়া হবে। জেলাশাসক বলেন, পরিবারটিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝন্টু মাঝি দিনমজুরের কাজ করেন। বর্ষায় তাঁদের মাটির বাড়িটি পুরোপুরি ভেঙে পড়েছে।



